রোগীদের অপেক্ষার সময় কমাতে সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে কিছু না খেয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর প্রয়োজনীয় পরীক্ষা করতে হতো। বই জমা দেওয়া বা নতুন রোগী হিসেবে ক্রমিক নম্বর নেওয়া ইত্যাদি কারণেডায়াবেটিস রোগীদের ধৈর্যচ্যুতি হয়। এই প্রক্রিয়াকে সহজ করতে রাজধানীর মিরপুর বাঙলা কলেজের বিপরীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স হাসপাতালে (বিআইএইচএস) সম্প্রতি চালু করেছে সফটওয়্যারভিত্তিক প্রযুক্তি-ব্যবস্থা‘স্মার্টকিউ’। হাসপাতালের প্রবেশমুখে স্বয়ংক্রিয় যন্ত্রে নতুন রোগী বা পুরোনো রোগী দুটি বাটনের যেকোনো একটিতে চাপ দিলে ক্রমিক নম্বরসংবলিত কাগজ নিয়ে চেয়ারে বসে থাকা। ধারাবাহিকভাবে নম্বর এলসিডি মনিটরের পর্দায় ভেসে ওঠে আর কানেও ভেসে আসে কাউন্টার নম্বর আর ক্রমিক নম্বর। এবার নম্বর অনুযায়ী রোগীরা চিকিৎসাসেবা নিতে পারে। স্মার্টকিউ নামের এই সফটওয়্যারটি নির্মাণ করেছে বিজনেস অটোমেশন লিমিটেড। গত রোববার সরেজমিনে দেখা গেল, মিরপুর ১০ নম্বর থেকে এসেছেন জাহানার বেগম। নয় বছর ধরে তিনি হাসপাতালে আসেন। তিনি বলেন, ‘আগের মতো লাইন ধরতে হয় না। কিছুক্ষণ বসে থাকলে সিরিয়াল চলে আসে। সিরিয়াল পাওয়া নিয়ে আগে ছোটখাটো অনিয়ম হতো। যেমন—হাতে লেখা সিরিয়াল নম্বর লেখা ওলটপালট হতো, নারী-পুরুষ এক লাইনে দাঁড়ানো, রোগীরা পেছন থেকে চিৎকার করত, এখন আর তা হয় না। আমাদের জন্য আরামদায়ক হয়েছে। এ রকম ব্যবস্থা অন্যান্য হাসপাতালে থাকলে ভালো হতো।’হাসপাতালের কনিষ্ঠ নির্বাহী ওমর ফারুক জানালেন, সর্বক্ষণ খোলা থাকলেও সকালে ৪৫০ থেকে ৫০০ জন পর্যন্ত রোগী এখানে সেবা নেয়। বিজনেস অটোমেশন লিমিটেডের নিবার্হী পরিচালক জাহিদুল হাসান জানালেন, রোগীরা প্রবেশমুখে কম্পিউটার নিয়ন্ত্রিত নম্বর সংগ্রহ করেন। ধারাবাহিকভাবে নম্বর পর্দায় ভেসে ওঠে এবং শব্দ করে। দেখা অথবা শোনার মাধ্যমে রোগীদের মনোযোগ আকর্ষণ করা হয়। নম্বর অনুযায়ী রোগীরা সেবা নেয়। স্মার্টকিউ সফটওয়্যারটি তৈরিতে ব্যবহার করা হয়েছে জাভা ও মাইএসকিউএল। —ফেরদৌস ফয়সাল