ক্যালিফোর্নিয়ার ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ওয়াকলি সম্প্রতি তৈরি করেছে সম্পূর্ণ নতুন এবং ব্যতিক্রমী রোদচশমা বা গগলস। এর নাম ‘এয়ারওয়েভ স্নো’। নতুন এই রোদচশমায় থাকছে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সুবিধা। এ ছাড়া এর হেডস-আপ পর্দায় কলার-আইডি, এসএমএস, ব্লুটুথ এবং মিউজিক কন্ট্রোলের সুবিধাও থাকছে।চশমাটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এর হেডস-আপ ডিসপ্লে। যখন এটি বিচ্ছিন্ন করা হবে, তখন ডিসপ্লে বা পর্দাটি এর বাইরে থাকবে। একটি ছোট্ট প্রিজম লেন্সে চোখ রাখলেই পর্দাটি সামনে চলে আসবে এবং আপনি প্রয়োজনীয় সবকিছু জানতে পারবেন। দেড় মিটার দূর থেকে পর্দাটি ৩৫.৫ সেন্টিমিটারের (প্রায় ১৪ ইঞ্চি) একটি পর্দার মতো দেখা যাবে। জিপিএস ব্যবহারে সব উপদেশমূলক তথ্য পর্দায় দেখা যাবে। জানা যাবে ব্যবহারকারীর অবস্থানগত তথ্য। জানা যাবে তাপমাত্রার পরিমাণ, গতিবেগ ইত্যাদি তথ্য। অন্যদিকে, চশমার তারহীন ব্লুটুথ আইফোনে সংযোগ করে অ্যাপ্লিকেশনের সঙ্গে দেখা যাবে চমৎকার কিছু ছবি ও জিনিস। এ ছাড়া ফোনটি পকেট থেকে বের না করেই আপনি দেখতে পারবেন কল এবং এসএমএস। শুধু তা-ই নয়, চশমাটি থেকে আপনি গানের তালিকাও সহজে দেখতে পারবেন এবং নিয়ন্ত্রণ করতে পারবেন। সবচেয়ে বড় কথা, প্রয়োজনের সময় এর লেন্স দ্রুত এবং সহজেই পরিবর্তন করা যাবে। প্রতিষ্ঠানটি একে বলছে ‘সুইচলক প্রযুক্তি’। এতে কুয়াশারোধক এবং লেন্স পরিষ্কার রাখার প্রযুক্তিও রয়েছে। এই চশমা দিয়ে যত দূর সম্ভব দৃষ্টি দেওয়া যাবে—এমনভাবেই এর নকশা করা হয়েছে।—গিজম্যাগ অবলম্বনে প্রদীপ সাহা