রোবট দৌড়ে প্রথম হলো আইইউটি
‘বিজয়ের মুহূর্তগুলো সব সময়ই আনন্দের। একটি জয় জীবনের একটি অনুপ্রেরণা।’ রোবটের দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার পর এভাবেই অনুভূতি ব্যক্ত করলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সাইবর্গস দলের দলনেতা ইবাদুর রহমান। দলের অন্য সদস্যরা হলেন নাঈমুল ইসলাম, মুরাদ মাহাবুব, মো. সালেক মাহমুদ, খন্দকার কমরুজ্জামান নাবিল।গত বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয় রোবট দৌড় প্রতিযোগিতা। শুক্রবার রাতে চূড়ান্ত ফলাফল জানা যায়। প্রতিযোগিতায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে চুয়েট বেদুইন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট স্পার্কলেস ও চুয়েটের বিওয়াইন্ড রিপেয়ার দল। আয়োজকেরা জানান, রোবটগুলোকে অতিক্রম করতে হয় বিভিন্ন চেক পয়েন্ট, নিষিদ্ধ স্থান ও সেতু। এসব অতিক্রম করার কৌশল এবং দৌড় সম্পন্ন করতে যে সময় লাগে, সেই হিসাবে নির্দিষ্ট পয়েন্ট পায় দলগুলো। এ পয়েন্টের ভিত্তিতেই বিজয়ীদের মূল্যায়ন করা হয়। প্রতিযোগিতায় নয়টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশ নেয়। —চুয়েট প্রতিনিধি