রোবট ধ্বংস করবে মানবসভ্যতা!
বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্রে হর-হামেশা দেখা যায় যে স্বয়ংক্রিয় প্রযুক্তি মানব সভ্যতার জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে কি শেষপর্যন্ত কম্পিউটারই মানুষের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে? কম্পিউটারের কারণে মানবসভ্যতা ধ্বংসের ঝুঁকি কতটুকু এ বিষয়টি নিয়ে গবেষণা শুরু হচ্ছে। এক খবরে বিবিসি অনলাইন জানিয়েছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি মানুষের ক্ষতি করতে সক্ষম এমন কম্পিউটারের খোঁজে নামার এক পরিকল্পনা করছেন।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টার ফর দ্য স্টাডি অব একজিসটেন্সিয়াল রিস্ক (সিএসইআর)-এর গবেষকেরা বায়োটেকনোলজি, কৃত্রিম জীবন, ন্যানোটেকনোলজি ও পরিবেশের পরিবর্তনের ফলে মানবসভ্যতার ধ্বংসের ঝুঁকি নিয়ে গবেষণা শুরু করতে যাচ্ছেন। ‘সিএসইআর’ নামের এ প্রকল্পের প্রতিষ্ঠাতা হলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক হু প্রাইস, কসমোলজি ও অ্যাস্ট্রোফিজিকসের অধ্যাপক মার্টিন রিজ এবং স্কাইপির সহ-প্রতিষ্ঠাতা জান তালিন। ‘সিএসইআর’ নামের এ গবেষণা কেন্দ্র আগামী বছর চালু হবে।গবেষকেরা জানিয়েছেন, টার্মিনেটর চলচ্চিত্রে দেখানো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দুষ্ট প্রকৃতির রোবট মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া চলচ্চিত্রের ‘স্কাইনেট’ নামের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা বাস্তবে তৈরি হলে মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।গবেষকেরা জানিয়েছেন, দুষ্ট কম্পিউটারের খোঁজ করার বিষয়টিতে এখন গুরুত্ব দেওয়ার সময় হয়েছে। এ ধরনের ঝুঁকি বাস্তবে কতটা তা নির্ধারণ করা কঠিন হলেও এ বিষয়ে এখন সচেতনতার সময় এসেছে।গবেষক হু প্রাইস জানিয়েছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একথা নিশ্চিত করেই বলা যায় যে, আগামী শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তা জীববিজ্ঞানের সীমা পার করবে। মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে যাবে কম্পিউটার, রোবট।’