রোবট প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশি ৩ শিক্ষার্থী

ভারতের পুনেতে অনুষ্ঠেয় ‘রোবোকন ২০১৪’ নামে রোবট প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিন ছাত্র। মহারাষ্ট্র ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। খবর বাসসের।
এবার এশিয়ার ১৮টি দেশ এতে অংশ নিচ্ছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতিটি দল তাদের তৈরি দুটো রোবটের মাধ্যমে মোট চারটি কার্য সম্পাদন করবে, যা প্রতিযোগিতার মূল প্রতিপাদ্যের সঙ্গে সংশ্লিষ্ট। বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি রোবট দুটির একটি স্বয়ংক্রিয়ভাবে চালিত এবং অন্যটি দূর নিয়ন্ত্রণের (রিমোট-কন্ট্রোল) মাধ্যমে চালিত।
চুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ থেকে ২৬ আগস্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী ছাত্ররা হচ্ছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাবির হুসাইন ও মানস চক্রবর্তী এবং তড়িত্ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাজিব হাসান। দলের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সজল চন্দ্র বণিক।
রোবকনকে এশিয়ার রোবট জগতের সবচেয়ে সম্মানজনক একটি প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হয়। এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করে।
রোবোকন সম্পর্কে বিস্তারিত জানা যাবে ( http://www.roboconindia.com/#!/page_home ) ওয়েবসাইট থেকে।