রোবট বহুরূপী!
বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর চলচ্চিত্রের অনেক দৃশ্যেই স্বয়ংক্রিয়ভাবে আকার বা চেহারা বদলে ভিন্ন রূপ নিতে দেখা যায় রোবটকে। সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এমনই একটি ক্ষুদ্রাকৃতি রোবট তৈরি করেছেন। এ রোবটটি স্বয়ংক্রিয়ভাবে নিজের আকার পরিবর্তন করতে পারে এবং ভিন্ন আকার ধারণ করতে পারে। খবর বিবিসি অনলাইনের।রোবটটির ক্ষুদ্রাকৃতির কারণে গবেষকেরা এর নাম দিয়েছেন- ‘মিলি-মোটিন’। মিলিমিটার আকারের ও প্রোটিনের সমান মোটর ব্যবহারের কারণেই এ নাম পেয়েছে রোবটটি।গবেষকেরা আশা করছেন, এ জাতীয় রোবট ব্যবহার করে অনেক জটিল কাজ সহজেই সমাধান করা যাবে। ‘২০১২ ইনটেলিজেন্ট রোবটস অ্যান্ড সিস্টেমস কনফারেন্স’ নামের একটি সম্মেলনে চৌম্বকশক্তি নির্ভর এ রোবটটি প্রদর্শন করেছেন গবেষকেরা।গবেষকেরা জানিয়েছেন, এ ধরনের ত্রিমাত্রিক রোবট তৈরিতে আরও অনেক কাজ এখনও বাকি আছে। এ নিয়ে গবেষণা চালিয়ে যাবেন তাঁরা।