রোবট বিশ্বকাপে খেলেছেন পেলে!
দক্ষিণ আফ্রিকায় চলছে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। তা নিয়ে এখন সারা বিশ্ব মাতোয়ারা। দক্ষিণ আফ্রিকায় যখন বিশ্বকাপ ফুটবল চলছে, তখন সিঙ্গাপুরেও অনুষ্ঠিত হয়েছে আরেক ফুটবল প্রতিযোগিতা। সেখানে বিশ্বখ্যাত ফুটবলার পেলে খেলেছেন। একের পর এক গোল দিয়েছেন প্রতিপক্ষের গোলপোস্টে। না সত্যিকারের পেলে নয়, পেলের চেহারার এক রোবট। এই রোবট খেলেছে রোবোকাপ-২০১০-এর চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার আয়োজন করেছে সুইজারল্যান্ডভিত্তিক রোবোকাপ ফেডারেশন। ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ক্যাম্পাসে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রোবোকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম প্রতিযোগিতাটি হয় ১৯৯৭ সালে তুরস্কের ইস্তাম্বুলে। আয়োজকেরা আশা করছেন রোবটদের এই ফুটবল প্রতিযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক গবেষণাকে অনেক এগিয়ে নেবে। এবারের প্রতিযোগিতায় ১ দশমিক ৩ মিটার লম্বা রোবটগুলো অংশ নিয়েছে। ৪৩টি দেশের মোট ৫০০টি দল খেলায় অংশ নেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং হার্ভার্ড ইউনিভার্সিটি দুটি দল পাঠিয়েছে। রোবোকাপ ফেডারেশনের সিঙ্গাপুর শাখার চেয়ারম্যান ঝোউ চ্যাংজিউ বলেন, রোবটদের দক্ষতা মানুষের সামনে তুলে ধরার জন্য ফুটবল প্রতিযোগিতার চেয়ে আর ভালো কিছু হতে পারে না। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান