রোবট মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করবে!
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা এমন একটি অ্যালগরিদম তৈরি করেছেন, যা শিখে রোবটরা মানুষের সঙ্গে আরও সহযোগিতামূলকভাবে ও ঘনিষ্ঠভাবে কাজ করতে সক্ষম হবে। শুধু তাই নয়, তারা ঘর-গেরস্থালির কাজের পাশাপাশি কলকারখানায়ও কাজ করতে পারবে। গবেষকেরা মানুষের সঙ্গে যাতে রোবট কাজ করতে পারে, সে জন্য এদের নতুন এই অ্যালগরিদমের মাধ্যমে প্রশিক্ষণ দেবেন। সাধারণত দেখা যায়, কলকারখানায় যেসব রোবট কাজ করে, তারা আকারে বিশাল এবং নির্দিষ্ট কয়েকটি কাজ ছাড়া তারা অন্য কিছু করে না। কিন্তু এখন থেকে আকারে ছোট রোবটও কলকারখানার ভারী কাজ করতে পারবে। এমআইটির অ্যারোনটিকস ও অ্যাস্ট্রোনটিকস বিভাগের বোয়িং ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুলি শাহ এক বিবৃতিতে বলেছেন, নতুন অ্যালগরিদম শেখার ফলে রোবটরা এখন কলকারখানার শ্রমিকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে। এতে করে শ্রমিকদের কাজ আরও সহজ ও নিরাপদ হবে। শাহ বলেন, ‘বিশেষ করে উড়োজাহাজ তৈরির কলকারখানায় রোবটরা ভালোভাবে কাজ করতে পারবে। রোবটদের যদি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা যায়, তাহলে কারখানার ভারী কাজগুলো তারা করে দিতে পারবে। নতুন অ্যালগরিদম ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা রোবটের বুঝতে পারার ক্ষমতাকে আরও উন্নত করব, যাতে তারা বুঝতে পারে মানুষ কী চায় এবং তার পরবর্তী কাজটি কী হবে।’ ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ শহরে গত শরতে রোবট-বিষয়ক এক আলোচনা সভায় এমআইটির একজন অর্থনীতিবিদ বলেন, মধ্যম পর্যায়ের বেশ কিছু চাকরিতে খুব শিগগির মানুষের জায়গা দখল করবে রোবট ও কম্পিউটার। —কম্পিউটার ওয়ার্ল্ড অবলম্বনে রোকেয়া রহমান