রোববার ঢাকায় শিক্ষাবিষয়ক সফটওয়্যার মেলা
দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি বিভিন্ন দেশি সফটওয়্যার সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে এর ব্যবহার সম্পর্কে জানানোর জন্য আগামী রোববার ঢাকায় শুরু হচ্ছে দিনব্যাপী সফটওয়্যার মেলা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) স্থানীয় বাজার উন্নয়ন স্থায়ী কমিটি এ মেলার আয়োজন করছে। বেসিসের প্রধান কার্যালয়ে এ মেলাটি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার ঢাকায় বেসিস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। শিক্ষাবিষয়ক সফটওয়্যার মেলার নানা দিক তুলে ধরেন বেসিসের স্থানীয় বাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান উত্তম কুমার পাল। তিনি জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজে পেতে এবং সঠিক প্রতিষ্ঠানকে নির্বাচন করার সুযোগ সৃষ্টি করতে দেওয়াই এ মেলার উদ্দেশ্য। এই মেলায় মোট ১২টি প্রতিষ্ঠান অংশ নেবে। এখন থেকে প্রতি মাসেই আলাদা আলাদা ক্ষেত্র ধরে একটি করে সফটওয়্যার মেলা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সম্মেলনে এ কমিটির সদস্য আহমেদ হাসান বলেন, এ মেলার মাধ্যমে আমাদের স্থানীয় সফটওয়্যারগুলো সম্পর্কে মানুষ জানতে পারবে ও ব্যবহারে উৎসাহিত হবে, ফলে দেশি সফটওয়্যার শিল্প শক্তিশালী হবে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বেসিস বছরে একটি করে সফটওয়্যার মেলা আয়োজন করে, কিন্তু সেখানে আলাদা করে বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করতে পারেন না অনেকে। এ জন্য আলাদা আলাদা ক্ষেত্র ধরে এই একদিন করে মেলাটির আয়োজন করা হচ্ছে। এ ছাড়া এ মেলার মাধ্যমে দেশেও যে বিশ্বমানের সফটওয়্যার তৈরি হচ্ছে, সেসব সফটওয়্যার সম্পর্কে সবাই জানতে পারবে। সংবাদ সম্মেলনে বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর, মহাসচিব ফোরকান বিন কাশেম, স্থানীয় বাজার উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত পরিচালক শেখ কবির আহমেদ বক্তৃতা দেন। —মোছাব্বের হোসেন