ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার থেকে ক্লাসে ফিরবেন শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে এক শিক্ষকের মানহানি করার অভিযোগে দোষীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছিলেন শিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২১ মে কেন্দ্রীয় গবেষণাগারে বহিরাগত এক নারী ও কর্মচারীসহ আওয়ামীপন্থী এক শিক্ষককে কে বা কারা অবরুদ্ধ করে রাখেন। এ সময় কিছু শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ আনেন। ছাত্রলীগ পরিকল্পিতভাবে মানহানির চেষ্টা করেছে বলে দাবি করেন ওই শিক্ষক। যারা শিক্ষকের মানহানি করেছে, তাদের বিচারের দাবিতে ২২ মে থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষক সমিতি।
এর আগে সকালে শিক্ষকের ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেওয়া হয়েছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু হাদি নূর আলী খান প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনকে তিন সপ্তাহের আলটিমেটাম দিয়ে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। এরপর পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।’