রোমান্টিক কৃত্রিম বুদ্ধিমত্তা?

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আরও বাকপটু করে তুলতে প্রতিষ্ঠানটি বেছে নিয়েছে ভিন্ন এক পথ। কয়েক মাস ধরে রোমান্টিক সব উপন্যাসের কাহিনি ঢুকিয়ে দিচ্ছে এর ‘মস্তিষ্কে’। আনকন্ডিশনাল লাভ, ইগনাইটেড, ফ্যাটাল ডিজায়ার এবং জ্যাকড আপ-এর মতো উপন্যাস আছে এ তালিকায়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে গুগল। বেশ অগ্রগতি দেখিয়েছে তারা। তবে ব্যক্তিত্ব এবং কথাবার্তায় যে ঘাটতি রয়েছে তা কমিয়ে আনতেই এ উদ্যোগ। সুফলের দেখা এরই মধ্যে মিলেছে। গুগলের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বইগুলোর বাক্য পুনরায় লেখাতে সক্ষম হয়েছে, গোটা এক কবিতা লিখেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। যন্ত্রটির এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে কীভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য, বিশেষ করে গুগল অ্যাপ আরও বেশি উন্নত করা যায় তা-ই গুগলের পরিকল্পনা।
গুগলের সফটওয়্যার প্রকৌশলী এন্ড্রু দাই কাজ করছেন এই প্রকল্পে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘গুগল অ্যাপে সাড়া পাওয়ার বিষয়টি অনেক বাস্তবিক। আমরা আশা রাখি, এ ধরনের গবেষণার ফলে এটি আরও বেশি আলাপচারী হয়ে উঠবে অথবা এর কণ্ঠ, ধরন অথবা নিবন্ধনে থাকবে আরও বেশি বৈচিত্র্য।’ গুগল অ্যাপ ছাড়াও এই প্রযুক্তিটি গুগল ইনবক্সের ‘স্মার্ট রিপ্লাই’ সুবিধার উন্নয়নের কাজে ব্যবহার করা হতে পারে।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তায় উপন্যাস আয়ত্ত করানো এত সহজ নয়। এটি যদিও নিজে থেকেই শিখতে পারে কিন্তু তার মানে এই না যে এটি সৃষ্টি থেকেই চৌকস। প্রথম প্রথম তো এর কোনো জ্ঞানই থাকে না। তাই উপন্যাস আয়ত্ত করতে বলা মানে একটি বাচ্চা শিশুকে উপন্যাস পড়ে শোনানো এবং সেখান থেকে সে অনেক কিছু মনে রাখবে এই আশা করার মতোই। তাই গবেষকেরা মনে করেন, এতে এ বিষয়ে একটা মোটামুটি ধরনের বুদ্ধিমত্তা সৃষ্টি করতে, একে অন্তত হাজার দুয়েক উপন্যাস পড়াতে হবে। এরপর এটি যা শিখেছে তা দিয়ে নিজে নিজেই বাক্য তৈরি করতে পারবে। ধীরে ধীরে এই বাক্যগুলো আরও ভালো হতে থাকবে।
কিন্তু এভাবে একটি যন্ত্রকে হাজার হাজার রোমান্টিক উপন্যাস পড়ানো হলে কেউ আবার এর প্রেমে পড়ে যাবে না তো? দাই একটু মজা করে জবাব দিলেন, ‘সময়ের সঙ্গে এটা তো হতেই পারে।’
সূত্র: বাজফিড