র্যাগিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং ও মারধরের প্রতিবাদে আজ সোমবার সকালে বিক্ষোভ-মিছিল ও সড়ক অবরোধ করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত দুইটার দিকে প্রথম বর্ষের সজল (প্রত্নতত্ত্ব), আলভী (আন্তর্জাতিক সম্পর্ক), মনোজিত (প্রত্নতত্ত্ব), আমির ও সাইফুলকে (সরকার ও রাজনীতি বিভাগ) বঙ্গবন্ধু হলের রুমে ডেকে নিয়ে যান দ্বিতীয় বর্ষের বাঁধন, মাসুক ও রাজীব। দ্বিতীয় বর্ষের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে প্রথম বর্ষের ওই পাঁচ শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়া হয় ও সাইফুলকে মারধর করা হয়। আহত অবস্থায় সাইফুলকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে ভর্তি করেন তাঁর সহপাঠীরা। অবস্থার অবনতি হওয়ায় আজ ভোরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাইফুল এখন সেখানে চিকিত্সাধীন আছেন।
এর প্রতিবাদে আজ সকালে ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছেন বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। মিছিল শেষে সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আফসার আহমদের কাছে লিখিত অভিযোগ জমা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ।

সহ-উপাচার্য আফসার আহমদ প্রথম আলো ডটকমকে জানান, আজ ডিসিপ্লিনারি বোর্ডের সভা ডাকা হয়েছে। সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।