র‍্যাফেল ড্র দিয়ে পর্দা নামল সিটিআইটি মেলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিআইটি মেলায় আগ্রহ ছিল নতুন প্রযুক্তিপণ্যে।
সিটিআইটি মেলায় আগ্রহ ছিল নতুন প্রযুক্তিপণ্যে।

রাজধানীর আগারগাঁওয়ে আইডিবির বিসিএস কম্পিউটার সিটির সাত দিনব্যাপী ‘সিটিআইটি ২০১৬’ মেলা গতকাল রোববার শেষ হয়েছে। গতকাল রাত নয়টার দিকে মেলার সমাপ্তি ঘোষণা করে সিটিআইটি ২০১৬—এর আহ্বায়ক মুজিবুর রহমান স্বপন।
সমাপনী অনুষ্ঠানে টিকিট ক্রেতাদের মধ্যে র‍্যাফেল ড্র হয়। র‍্যাফেল ড্রতে প্রথম হওয়া কুপন নাম্বারটি হল ৪৫০৩। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছেন একটি ল্যাপটপ। মোট আটটি পুরস্কারের মধ্যে অন্যান্য কুপন নম্বরগুলো হচ্ছে—২৭৭০০,৩৬৬, ২৯৭৩৫,২৭১৪৬, ১৩৯১৪,২৭৪৫৫ ও ১৪২২১। বিজয়ীরা বিভিন্ন প্রযুক্তি পণ্য উপহার পেয়েছেন।
সিটিআইটি মেলার এবারের আয়োজন সফল হয়েছে বলে জানান বিসিএস কম্পিউটার সিটির সভাপতি আহমেদ হাসান। এবারের মেলায় আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দর্শনার্থী ও ক্রেতাদের জন্য চালু ছিল শাটল বাস সার্ভিস, জাদু প্রদর্শনী, ভৌতিক টানেল দেখার সুযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গেমিং জোন। মেলার আয়োজকেরা জানান, মেলা আগামী প্রজন্ম, অর্থাৎ, শিশুরা যাতে ডিজিটাল প্রযুক্তির প্রতি আগ্রহী হয়ে ওঠে, সে চিন্তা করে ‘ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার স্লোগানে’ সাজানো হয়েছিল সিটিআইটি ২০১৬। এ মেলা চতুর্দশবারের মতো আয়োজিত হলো। মেলা শুরু হয়েছিল গত ১৮ জানুয়ারি।
‘সিটিআইটি ২০১৬’ মেলার প্লাটিনাম স্পনসর এইচপি। স্পনসর হিসেবে ছিল আসুস, এসার, গিগাবাইট, হিটাচি, ডেল, ট্রেন্ড মাইক্রো ও আরমা গার্ডেন।