লক নেসের জলদানব রহস্যময় ‘নেসি’ ক্যামেরাবন্দী!
সম্প্রতি স্কটল্যান্ডের লক নেস হ্রদে সাপের মতো দেখতে বিশাল জলদানবের ছবি তোলার দাবি করেছেন মার্কাস অ্যাটকিনসন নামের এক নৌকাচালক। ডেইলি মেইল জানিয়েছে, মার্কাস অ্যাটকিনসন দাবি করেছেন, ‘সোনার’ নামে এক ধরনের ক্যামেরা সেন্সর ব্যবহার করে তিনি কিংবদন্তির এ জলদানবের ছবি তুলতে সক্ষম হয়েছেন।লক নেস হ্রদ ঘিরেই কিংবদন্তির জলদানব ‘নেসি’ রহস্য শতাব্দী প্রাচীন। ২০১১ সালের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় স্কটল্যান্ডের লক নেস হ্রদে দুটি নৌকা হঠাত্ বিশাল এক ঢেউ এসে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর এ জলদানব বিষয়ে আবারও কৌতূহল তৈরি হয়। গবেষকেরা এ জল দানোর কোনো খোঁজ দিতে না পারলেও ধারণা করল প্রাগৈতিহাসিক জলদানবের কাজ। গবেষকেরা এ প্রাণীটির অস্তিত্ব খুঁজতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন। মার্কাস অ্যাটকিনসনের ছবিতে হ্রদের গভীর পানির নিচে বিশাল এক প্রাণী দেখা যাচ্ছে। ৭৫ ফুট গভীরে ৫ ফুট প্রশস্ত এ প্রাণীটিই লক নেসের সেই জলদানব হতে পারে বলে খবর রটেছে। মার্কাস অ্যাটকিনসন বলেন, তিনি এ হ্রদে আগে কখনো এমন কিছু দেখতে পাননি। পানির নিচে অ্যাটকিনসনের নৌকাকে দুই মিনিটের বেশি সময় ধরে পানির নিচ থেকে যখন এ প্রাণীটি অনুসরণ করছিল তখনই সোনার সেন্সর ছবিটি ধারণ করেছে। তবে, লক নেস বিশেষজ্ঞরা অ্যাটকিনসনের এ দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, এটা কোনো বড় মাছ, সিল বা কোনো আবর্জনার স্তূপ হতে পারে।অ্যাটকিনসন দাবি করেছেন, সোনার সেন্সরে তোলা ছবি কখনো ভুয়া হতে পারে না। আর এ ধরনের প্রাণী আমি আগে কখনো দেখিনি। এমনকি এ হ্রদে যারা নৌকা চালায় তারাও কখনো দেখেনি। সাপের মতো অদ্ভুত ও বিশাল এ প্রাণীটি দেখে ভয় পেলেছিলেন বলেও জানান অ্যাটকিনসন। স্কটল্যান্ডের সবচেয়ে বড় হ্রদটিতে নেসি কি আসলেই সত্যিকারের কোনো রহস্যময় এ জলদানব? এ রহস্যময় জল দানোকে ঘিরে গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকেরা। কিন্তু এখনো এ রহস্য বের করতে পারেননি। কিন্তু গত শতাব্দী জুড়েই এ জল দানোর অস্তিত্ব নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি তথ্য দিয়েছেন। কিন্তু ‘নেসি’র রহস্য অজানা থেকে গেছে। গবেষকেরা ধারণা করেন এ হ্রদটির তলদেশে বিশালাকার এক খাদের অস্তিত্ব রয়েছে যেখানে প্রাগৈতিহাসিক এ প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। তবে অ্যাটকিনসনের সোনারে তোলা ছবি বিশ্লেষণ করে ন্যাশনাল ওসেনোগ্রাফি সেন্টারের গবেষক সিমন বক্সাল জানিয়েছেন, এটা হ্রদের বিশাল জুপ্ল্যাঙ্কটনের ছবি হতে পারে।