গুগল অনুবাদে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে গুগল ডেভেলপার গ্রুপ বাংলা (জিডিজি বাংলা)। এ উদ্যোগের সঙ্গে আছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)৷ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চার লাখ শব্দ যোগ করে নতুন রেকর্ড গড়তে চাইছে জিডিজি বাংলা। শুক্রবার রাজধানীর বিসিসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘২৬ মার্চ সারা দেশে ৫০টির বেশি জায়গায় স্বেচ্ছাসেবীরা বাংলা অনুবাদের এই কার্যক্রমে অংশ নেবেন৷ এ আয়োজনে প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক অংশ নেবেন৷ দেশের বাইরে অস্ট্রেলিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও একই কাজ করবেন স্বেচ্ছাসেবকেরা৷ বাংলাকে সব ক্ষেত্রে সবার ওপরে রাখতে আমরা আরেকটি রেকর্ড করতে যাচ্ছি স্বাধীনতা দিবসে।’
‘বাংলার জন্য চার লাখ’ নামের এ কর্মসূচি সফল করতে দেশে ও বাইরে থাকা বাংলাদেশের সব মানুষকে আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এতে উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, আইসিটি বিভাগের যুগ্ম সচিব সুশান্ত কুমার সাহা, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান ও জিডিজি বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ সুলতান।
আয়োজকেরা জানান, সারা দেশে ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে যে অনুষ্ঠানগুলো হবে সেসবে স্বেচ্ছাসেবকেরা গুগল ট্রান্সলেটে বাংলা শব্দ যোগ করতে পারেন। ঢাকায় বিসিসির ল্যাবে হবে মূল আয়োজন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ও শহীদ মিনারেও বিশেষ আয়োজন থাকবে৷ থাকবে তারহীন ওয়াই-ফাই ইন্টারনেটের ব্যবস্থা৷ এ আয়োজনে চাইলে যে কেউ যোগ দিতে পারেন৷ এই আয়োজনে অংশ নিতে চাইলে <http://goo.gl/forms/kuv9HQbeFJ> ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে।
যেভাবে বাংলা শব্দ যোগ করবেন
translate.google.com/community ঠিকানার ওয়েবসাইটে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করুন।
প্রথমবার ভাষা নির্বাচন করতে হবে৷ বাংলা ও ইংরেজি ভাষা নির্বাচন করে সেভ করুন৷
এখানে দুভাবে অনুবাদে অবদান রাখা যাবে—অনুবাদ বা সত্যতা নিশ্চিত (ভ্যালিডেট) করে৷
অনুবাদ করতে চাইলে ‘বাংলা থেকে ইংরেজি’ বা ‘ইংরেজি থেকে বাংলা’ নির্বাচন করে অনুবাদ শুরু করুন৷
বিস্তারিত: www.facebook.com/GDGBangla৷
নিজস্ব প্রতিবেদক