
এক দশক ধরে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতে বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে । সাম্প্রতিক সময়ে এ খাত থেকে রপ্তানিতে অগ্রগতি দেখা যাচ্ছে। গত অর্থবছরে প্রাপ্তির খাতায় যোগ হয়েছে ১০ কোটি ডলার। স্পর্শ করেছে ১০০ মিলিয়ন ডলারের মাইলফলক। আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
এবারের লক্ষ্য ১০০ কোটি মানে এক বিলিয়ন ডলার। ২০১৮ সালের মধ্যে সফটওয়্যার খাতে রপ্তানি এক বিলিয়ন ডলার করার লক্ষ্য নিয়ে এখন কাজ করছে বেসিস।
উন্নতির এ ধারা ভালো বলে মন্তব্য করলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘ধীরে ধীরে আমাদের উন্নতি হচ্ছে। তবে বর্তমান বিশ্ববাজার বেশ কঠিন হয়ে পড়ছে। এখন উন্নয়নশীল অন্যান্য দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশকে বাজার তৈরি করে নিতে হচ্ছে।’
এ খাতের উন্নয়ন বিষয়ে তিনি আরও বলেন, ‘আমাদের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরিসর তেমন বড় নয়। আবার আমাদের দেশের অনেক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানই নিজেরা সব কাজে অভিজ্ঞ বলেও প্রচার করে। বিদেশে এ কাজটি হয় না। তারা যেকোনো একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষ এবং সেটিই তারা করে। এ বিষয়টি নজর দেওয়ার পাশাপাশি এ খাতে সরকারের ভর্তুকি বাড়ানো উচিত। দেখা যায়, তথ্যপ্রযুক্তিতে ভালো, এমন দেশের প্রধান কিংবা দেশ পরিচালনাকারীরা যখন বিদেশসফরে যান, সেখানে নিজেদের দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর সাফল্য তুলে ধরেন। এই অনুশীলনটা আমাদের দেশে কম। এটি বাড়াতে হবে।
রপ্তানির সামগ্রিক অবস্থা
নানা ধরনের প্রতিবন্ধকতা আর সমস্যা পাশ কাটিয়ে সফটওয়্যার খাত সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে জানান বেসিসের সভাপতি শামীম আহসান। আর সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির অবস্থাও যথেষ্ট ভালো বলে মনে করছেন তিনি। এই খাত বর্তমানে শীর্ষস্থানীয় ১৫টি রপ্তানি খাতের একটি। গত দুই অর্থবছরে গড়ে ৫০ শতাংশ হারে প্রবৃদ্ধিও হয়েছে এ খাতে। এ ধারা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে রপ্তানি আয় বেড়ে এক বিলিয়ন মার্কিন ডলার হবে বলে জানান তিনি। বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রকাশিত তথ্য অনুযায়ী যে দুর্বল দিকগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর উন্নয়ন করতে পারলে রপ্তানি আয় দ্রুত বাড়বে মনে করছেন সফটওয়্যার খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গার্টনারের সর্বশেষ তথ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তি অবকাঠামো যেমন হাইটেক পার্ক, সফটওয়্যার প্রযুক্তি পার্ক, সবখানে উচ্চগতির ইন্টারনেট-সংযোগ নিশ্চিত করা এবং দক্ষ জনশক্তি বাড়াতে পারলে আরও দ্রুত সফটওয়্যার খাতের সামগ্রিক উন্নয়ন সম্ভব। বর্তমানে সফটওয়্যার খাতের যেসব পণ্য রপ্তানি হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়েবসাইট তৈরি ও ডিজাইন, মোবাইল অ্যাপস, গেমস, অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, ভিওআইপি অ্যাপ্লিকেশন, ডেটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, প্রি-প্রেস, ডিজিটাল ডিজাইন, সাপোর্ট সেবা, কাস্টমাইজড অ্যাপ্লিকেশন তৈরি, রক্ষণাবেক্ষণ ইত্যাদি।
বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫০টি প্রতিষ্ঠান সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি করছে। যেসব দেশে বেশি রপ্তানি হচ্ছে সেসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, মালয়েশিয়া, জাপানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ। ‘একশ মিলিয়ন ডলারের মাইলফলক অর্জনে আমাদের বলতে গেলে এক দশক লেগেছে,’ বললেন শামীম আহসান। ২০০৭-০৮ অর্থবছরে মোট রপ্তানি আয় ছিল দুই কোটি ৯০৪ লাখ ডলার। ধীরে ধীরে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ডলারে।
লক্ষ্যমাত্রা ও অর্জন
‘এক দশক পর বাংলাদেশের সফটওয়্যার খাতের অর্জন দাঁড়িয়েছে ১০ কোটি ডলার, যা আমার মনে হয় আরও বেশি হওয়া উচিত ছিল,’ বললেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। যোগ করলেন, ‘আমরা দীর্ঘদিন এ খাত নিয়ে তেমন এগোতে পারিনি। মনে হয়, আমাদের লক্ষ্যমাত্রা এর মধ্যে বেশি হওয়া উচিত ছিল। এর জন্য আমাদের অনেক কিছু থাকলেও এখনো নেই দক্ষ মানবসম্পদ।’
২০০৮ সালে সরকার এসে কিছু উদ্যোগ নেওয়ায় বর্তমানে তথ্যপ্রযুক্তি বিষয়টি প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক হয়েছে। যার ফল আগামী পাঁচ বছর পর পাওয়া যাবে বলেও মনে করেন তিনি।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুাযায়ী বাংলাদেশ ব্যাংকের হিসাবের বাইরে সব মিলিয়ে আরও ১০ কোটি ডলার আয় হয় সফটওয়্যার রপ্তানি খাতে। এ ছাড়া বর্তমানে ফ্রি-ল্যান্সিং আউটসোর্সিং খাত থেকেও প্রায় চার কোটি ডলারের মতো আয় আসে।
লক্ষ্য ও এগিয়ে যাওয়া
‘বড় লক্ষ্যমাত্রায় এখন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি জরুরি এখন সফটওয়্যার খাতের ব্র্যান্ডিং,’ বললেন শামীম আহসান। তিনি আরও বলেন, ‘আমাদের পরবর্তী অর্জনের জন্য সরকারের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলকে (আইবিপিসি) উদ্যোগী হয়ে ব্র্যান্ডিং কার্যক্রম বাড়াতে হবে।’
সফটওয়্যার খাতের এই এগিয়ে যাওয়াটা অন্যদের মতো এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা চান। এ জন্য একটি ধাপ হয়েছে, এবার প্রয়োজন পরবর্তী ধাপের জন্য এগিয়ে যাওয়া। তবে এগিয়ে যাবে সফটওয়্যার খাত, এগিয়ে যাবে বাংলাদেশ।
বছর রপ্তানি প্রবৃদ্ধি
(কোটি ডলার)
২০০৬-০৭ ২.৬০৮ -৩.৪৪%
২০০৭-০৮ ২.৪০৯ -৪.৮৩%
২০০৮-০৯ ৩.২৯১ ৩২.৫৯%
২০০৯-১০ ৩.৫৩৬ ৭.৪৪%
২০১০-১১ ৪.৫৩১ ২৭.২৫%
২০১১-১২ ৭.০৮১ ৫৬.২৮%
২০১২-১৩ ১০.১৬৩ ৪৩.৫৩%
সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো