লক্ষ্য এবার ঢাকা বিশ্ববিদ্যালয়

উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের অন্যতম প্রধান লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। পর্যায়ক্রমে চলবে ক, খ ও গ ইউনিটের পরীক্ষা। এবারের শিক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী চার মেধাবী
চাই সাধারণ জ্ঞানের দক্ষতা
সাদিয়া ইসলাম
‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১১) প্রথম
‘ঘ’ ইউনিট হলো বিভাগ পরিবর্তনের ইউনিট। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের সবার জন্য এটি উন্মুক্ত। বিজ্ঞান, কলা বা বাণিজ্য—সব বিভাগের শিক্ষার্থীদের জন্য পরীক্ষাপদ্ধতি কিন্তু একই।

তোমরা যারা ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দেবে, তাদের হাতে এক সপ্তাহও সময় নেই। সুতরাং, এ সময়ে নতুন কিছু পড়তে যাওয়া হবে বোকামি। এ সময়ে সাধারণ জ্ঞান বিষয়ে বেশি করে গুরুত্ব দাও। কারণ, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) বিষয়ে ৫০টি প্রশ্ন থাকে। সাম্প্রতিক আলোচিত ঘটনা সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। বিভিন্ন সাল-তারিখ মনে রাখতে হবে।
বাংলা আর ইংরেজিতেও একটু চোখ বুলিয়ে নিতে পারো। বিশেষ করে, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের মূল বই থেকে প্রথম পত্রের লেখক পরিচিতি ভালোভাবে দেখবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি গ্রামারটা ভালো করে মনে রাখার চেষ্টা করো।
পরীক্ষার আগের এই অল্প কদিন ঘরে বসে ঘড়ি ধরে গত বছরগুলোর প্রশ্ন সমাধান করার চেষ্টা করা। এতে কম সময়ে কীভাবে ভালো উত্তর করা যায়, সে বিষয়ে একটা দক্ষতা তৈরি হবে। তোমাদের জন্য শুভকামনা।

ঘরে বসে মডেল টেস্ট দাও
জানে আলম
‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১২) প্রথম
১৫ নভেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। যেহেতু এখন মাত্র সপ্তাহ দুয়েকের কিছু বেশি সময় আছে, তাই আগের পড়াগুলো নতুন করে দেখার কিছুটা সময় পাচ্ছ। আমার পরামর্শ হচ্ছে, এ সময়ে ইংরেজিতে একটু বেশি মনোযোগ দেওয়া ভালো। পরীক্ষা হবে ইংরেজি, বাংলা, অ্যাকাউন্টিং আর ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে। প্রতি বিষয়ে ২৫টি করে মোট ১০০টি প্রশ্ন থাকে এবং প্রতি প্রশ্নের মান ১.২। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়। তাই আন্দাজে উত্তর না দেওয়াই ভালো।
এ সময়ে ইংরেজি ছাড়াও অ্যাকাউন্টিংয়ের অঙ্কগুলো বেশি বেশি চর্চা করো। বাসায় বসে ‘গ’ ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান করো। সপ্তাহে অন্তত পাঁচ দিন এভাবে মডেল টেস্ট দিয়ে নিজের মেধাকে ঝালাই করো, প্রতিটির জন্য এক ঘণ্টা সময় নিয়ে। এতে তোমার যেসব দুর্বলতা আছে, তা কাটিয়ে উঠতে পারবে। অন্যকে অনুসরণ না করে নিজের ভালো লাগার বিষয় বারবার চর্চা করো।
এ সময়ে বাংলার জন্য মাধ্যমিকের দ্বিতীয় পত্র এবং উচ্চমাধ্যমিকের প্রথম পত্রটা পুনরায় পড়তে পারো। উত্তর করার ক্ষেত্রে যেটা ভালো পারো, সেটা আগে বেছে নাও।
মূল ভরসা হোক পাঠ্যবই

অর্পিতা হক
‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১২) প্রথম
এবার ৮ নভেম্বর হবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। হাতে সময় আছে দুই সপ্তাহেরও কম। আমার নিজের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করি।
‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর। আমি বাংলার জন্য মূল পাঠ্যবই আর নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়েছিলাম। উচ্চমাধ্যমিক বাংলা পাঠ্যবইয়ের গদ্য-পদ্য খুব গুরুত্ব দিয়ে পড়েছিলাম। ইংরেজির জন্য গ্রামারের ওপর বেশি জোর দিয়েছিলাম। পাশাপাশি পড়েছি মূল পাঠ্যবই। আর সাধারণ জ্ঞানের জন্য প্রতিদিন টেলিভিশনের সংবাদ দেখতাম আর গুরুত্বপূর্ণ সংবাদ ডায়েরিতে টুকে রাখতাম।
একটা জরুরি কথা, কোনোভাবেই ভুল উত্তর করা যাবে না। কারণ, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩ নম্বর কাটা যায়। তাই, না জেনে কেউ আন্দাজে উত্তর দিয়ো না। এতে লাভের চেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। ভর্তি পরীক্ষার এক ঘণ্টা তোমার পরবর্তী শিক্ষাজীবন কেমন হবে, তা নির্ভর করে। ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে আমি এককথায় বলব, নিজের প্রতি আস্থা রাখো। আত্মবিশ্বাসই তোমাকে অনেক এগিয়ে দেবে।

নিয়মিত চর্চা জরুরি
নাবিল ইবতেহাজ
‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১২) প্রথম
তোমরা যারা এবারের ‘ক’ ইউনিটে ভর্তির লড়াইয়ে শামিল হবে, তোমাদের হাতে এক মাস মতো সময় আছে। এ সময়ে পুরোনো পড়াগুলোই বারবার ঝালাই করে নেওয়া ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় চারটি বিষয়ের প্রশ্নের উত্তর করতে হবে। রাসায়ন ও পদার্থবিজ্ঞান বাধ্যতামূলক। যারা চতুর্থ বিষয় হিসেবে গণিত অথবা জীববিজ্ঞান পড়েছ, তারা এর যেকোনো একটি বাদ দিয়ে ইংরেজি অথবা বাংলার উত্তর দিতে পারো। এ ক্ষেত্রে আমি অবশ্য জীববিজ্ঞানের বদলে ইংরেজির উত্তর করেছিলাম। তুমি জীবজ্ঞািন ও গণিতও দিতে পারো। মোট ১২০টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটির নম্বর সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। তাই শুধু যে প্রশ্নগুলোর উত্তর তুমি একেবারে নিশ্চিত, সেগুলোর উত্তর দেওয়া উচিত। পরীক্ষার সময় এক ঘণ্টা ৪৫ মিনিট।
ভর্তি পরীক্ষায় প্রথম হলেও আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া হয়নি, আমি এখন পড়ছি বুয়েটে। এবারের পরীক্ষার্থীদের জন্য আমার প্রধান পরামর্শ থাকবে, বিগত বছরের প্রশ্নগুলো নিয়মিত চর্চা করো। মোট কথা, নিয়মিত চর্চার মধ্যে থাকাটা জরুরি।