লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবসা করতে দরকার একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নেওয়া। তবেই সহজে মানুষের কাছে পৌঁছানো যাবে।’ এভাবেই বলছিলেন গুগল দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান আনন্দ তিলক। গতকাল সোমবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘আইটি মার্কেটিং ফোরাম ২০১৩’-এ এসব কথা বলেন তিনি।তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের জন্য আয়োজিত এ কর্মশালায় অংশ নেন দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। দিনব্যাপী এই কর্মশালায় তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের নিজেদের পণ্য এবং সেবা সম্পর্কে প্রচার ও প্রসারের নানা পদ্ধতি সম্পর্কে জানান বক্তারা। কর্মশালায় বিভিন্ন অধিবেশনে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সচিব নজরুল ইসলাম খান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, গুগল দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কান্ট্রি লিড মাইক আরগিল, বাংলাদেশে গুগলের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী মনিরুল কবির, জিপি আইটির প্রধান নির্বাহী রায়হান শামসী, বিকাশের প্রধান নির্বাহী কামাল এস কাদির, ডেল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সোনিয়া বশির কবির, অফিস এক্সট্র্যাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসানসহ অনেকে। ফোরামের উদ্বোধনী পর্বে বেসিস এ আয়োজনের আহ্বায়ক রাসেল টি আহমেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত প্রত্যেকেরই কোম্পানির পণ্য বা সেবা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। তাহলে কোম্পানি সহজেই অগ্রসর হতে পারে। সেই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের সঠিকভাবে পণ্য সম্পর্কে বোঝানোর কৌশল আয়ত্ত করা প্রয়োজন।’বাংলাদেশের মানুষের কাছে যেকোনো তথ্য সহজে পৌঁছানো সম্ভব। কারণ, এখানে প্রায় সবাই বাংলা ভাষায় কথা বলে বা বোঝে—এমনটাই মনে করেন বক্তারা। ফোরামে দক্ষিণ এশিয়া গ্রে ডিজিটালের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সুধীর নায়ার বলেন, ‘ব্যবসা শুরু করার আগে ঠিক করতে হবে যে আগে বিক্রি, নাকি প্রচার।’ গ্রে বাংলাদেশের প্রধান গাউসুল আলম বলেন, ‘সব দিকে দৌড়ালে সেটা কোনো কাজে আসবে না। আগে নিজের কোম্পানির লক্ষ্য ঠিক করতে হবে। জনগণের মনোভাব বুঝে নিয়ে প্রচার চালাতে হবে।’এই ফোরামে মোট চারটি অধিবেশনে আলোচনা হয়। অধিবেশনগুলো হচ্ছে তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য বিপণন ও যোগাযোগ, বিপণন ও বিনিয়োগ খরচবিষয়ক প্যানেল আলোচনা, দ্য পাওয়ার অব আইটি ব্র্যান্ড এবং বাংলাদেশ নেক্সট কনটেস্ট অব কান্ট্রি ব্র্যান্ডিং। —হাসান ইমাম