জাইকার সহযোগিতায় আগামী পাঁচ বছরের মধ্যে ৩০-৩৫ হাজার সনদপ্রাপ্ত দক্ষ জনবল তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আইটিইইর প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করেই দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্ববাসীকে মেধার জানান দিয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের পেশাদার সনদের পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে এ কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারস এক্সামিনেশন (আইটিইই)’ শীর্ষক এ সেমিনারের আয়োজক আইসিটি মন্ত্রণালয়, জাইকা বাংলাদেশ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
সেমিনারে বক্তব্য দেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশফাক হোসেন, জাইকার আইটিইই প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদিও হোয়া, ডিআইইউর উপাচার্য এম লুৎফর রহমানসহ অনেকে।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের ছেলেমেয়েরা মেধাবী। তাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। তাদের এই মেধা কাজে লাগালেই বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। মেধাবী তরুণ প্রজন্মই পারে শ্রমনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে মেধা ও জ্ঞাননির্ভর অর্থনীতিতে পরিণত করতে।