লজিটেকের পুরস্কার পেল কম্পিউটার সোর্স
চলতি বছর সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা লজিটেকের দুটি পুরস্কার পেয়েছে বাংলাদেশের কম্পিউটার সোর্স লিমিটেড। পণ্য সরবরাহ ও বিপণনে বিশেষ ভূমিকা রাখায় ‘বেস্ট ডিস্ট্রিবিউটর’ পুরস্কার পেয়েছে কম্পিউটার সোর্স। এ ছাড়া লজিটেকের কম্পিউটার ‘বেস্ট বিজনেস ম্যানেজার’ নির্বাচিত হন কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক এইচ এম ফয়েজ মোর্শেদ। গত ২ থেকে ৪ মে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘লজিটিক কিক অব মিট’ অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মাননা দেন লজিটেক এশিয়া প্যাসিফিক জাপানের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন গে। অনুষ্ঠানে লজিটেকের এশিয়া-প্যাসিফিক এবং জাপান অঞ্চলের জ্যেষ্ঠ পরিচালক মনিন্দ্র জেন, সেলস অপারেশন ডিরেক্টর ডরেস টেসি ভরতসহ অনেকেই উপস্থিত ছিলেন।লজিটেকের এই পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ আরও বলেন, ‘এশিয়ার মধ্যে কম্পিউটার সোর্সই একমাত্র প্রতিষ্ঠান, যারা এই পুরস্কার অর্জন করল। আমরা সর্বোচ্চ সেবা ও অত্যাধুনিক প্রযুক্তি পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দিতে সক্ষম।’এইচ এম ফয়েজ মোর্শেদ বলেন, ‘পুরস্কার পেয়ে বেশ আনন্দিত। আশা করছি, এভাবেই কাজ করে আমরা সামনে এগিয়ে যাব।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের পরিচালক আহসান উল্লাহ খানসহ আরও অনেকে। কম্পিউটার সোর্স পরিবেশক হিসেবে বাংলাদেশে লজিটেকের কিবোর্ড, মাউস, স্পিকারসহ অনেক পণ্য বিপণন করছে। —ইমাম হাসান