লটারিতে আত্মসংযম নষ্ট!

লটারি কিনে পুরস্কার হিসেবে অর্থ বা কোনো দামি কিছু জিতে নেওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কারও কারও ভাগ্যের শিকে ছিঁড়ে। সেই কাঙ্ক্ষিত পুরস্কারটি অর্জনের পাশাপাশি একই লটারির কারণে একটি অমূল্য সম্পদ হারানোর ভয়ও থাকে। আর সেটি হলো আত্মসংযম। কেউ কেউ আবার লটারির টিকিট কিনেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।লটারি ও মানুষের মধ্যে সম্পর্ক নিয়ে জরিপের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবস্থিত জন হপকিন্স ক্যারি স্কুল অব বিজনেসের একদল গবেষক এসব তথ্য জানিয়েছেন। এ গবেষণা প্রতিবেদন জার্নাল অব কনজ্যুমার রিসার্চ সাময়িকীতে প্রকাশিত হবে। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক হায়ং মিন কিম বলেন, লটারিতে জয় এবং শুধু লটারির টিকিট ক্রয়ের কারণেই একজন মানুষ আত্মসংযম হারাতে পারে। অধিকাংশ মানুষই বস্তুবাদী। কিন্তু সামর্থ্যের অভাবে বিষয়টি অনেক সময় চাপা থাকে। কিন্তু সুযোগ পেলেই মানুষের এই বৈশিষ্ট্য প্রকট হয়। প্রথম দফা গবেষণায় নিউইয়র্কের ৪০ ব্যক্তিকে একটি নির্দিষ্ট খাবারের দোকানে হালকা খাবার খেতে বলা হয়। তাঁদের একাংশকে প্রতিবার খাওয়ার বিনিময়ে ২৫ হাজার ডলার জেতার লটারি দেওয়া হয়। অপর অংশকে লটারি দেওয়া হয় না। এতে দেখা যায়, টিকিট পাওয়া লোকজন তুলনামূলক বেশি খাবার খেয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় দফা গবেষণায় তাঁদের নির্দিষ্ট একটি কুপন দিয়ে বলা হয়, এটি ব্যবহার করে এখনই কিছু কেনা যাবে। আর অপেক্ষা করলে ভবিষ্যতে আরও ভালো কিছু পাওয়া যাবে। এতে দেখা যায়, অধিকাংশ ব্যক্তিই কুপনটি তৎক্ষণাৎ ব্যবহারে আগ্রহী। লাইভসায়েন্স।