লটারিতে বেসিসের কমিটি থেকে বাদ পড়লেন সভাপতি ও দুই সহসভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সংঘবিধি অনুযায়ী দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৮ মেয়াদের কমিটির তিনটি পদে নির্বাচন–প্রক্রিয়া শুরু করতে লটারির মাধ্যমে নির্বাহী কমিটির তিন সদস্যকে অবসর দেওয়া হচ্ছে। লটারিতে বাদ পড়া এই তিনজন হচ্ছেন সভাপতি মোস্তাফা জব্বার, জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ ও সহসভাপতি ফারহানা এ রহমান।

বেসিসের সংঘবিধি অনুযায়ী তিন বছর মেয়াদি ৯ সদস্যের কমিটি থেকে প্রতিবছর তিনজন করে সদস্যকে অবসর নিতে হবে আর সেই তিনটি পদে নির্বাচনের মাধ্যমে নতুন সদস্য যুক্ত হবে। এ কারণে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বেসিস কার্যালয়ে এই লটারি অনুষ্ঠিত হয়। লটারির পর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল প্রথম আলোকে বলেন, সবার সামনে লটারি হয়েছে। আগামী ৮ জুলাই নির্বাহী কমিটির তিন পদে নির্বাচন হবে।

লটারির এই প্রক্রিয়াকে বেসিসের সংঘবিধির লঙ্ঘন হিসেবে বলছেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার। গতকাল রাতে তিনি এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, ‘সংঘবিধি না মেনেই লটারির এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি মনে করি, নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নেয়নি। এ কারণে আমি লটারির সময় উপস্থিত ছিলাম না।’ বেসিসের সংঘবিধির ১২.৫ ও ১৪.৫ অনুচ্ছেদের কথা উল্লেখ করে তিনি জানান, পরপর তিন মেয়াদে কেউ নির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকলে পরবর্তী দুই বছর তিনি নির্বাচন করতে পারবেন না। তিনি বলেন, ‘পরপর তিন মেয়াদে নির্বাচিত এমন তিনজন এ কমিটিতে রয়েছেন। ফলে নির্বাচন কমিশনের এই লটারি করার প্রয়োজন ছিল না।’

তবে নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সূত্রগুলো বলেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালকের (ডিটিও) নতুন নিয়ম মেনেই লটারি করা হয়েছে।

কিছুদিন আগে নির্বাচন পরিচালনা বোর্ড পরপর তিন মেয়াদে পরিচালক থাকায় নির্বাহী কমিটির তিনজন সদস্য রাসেল টি আহমেদ, উত্তম কুমার পাল ও এম রাশিদুল হাসানকে অবসর নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল। পরে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরের বিষয়টি সুরাহা করার জন্য লটারির সিদ্ধান্ত নেয় নির্বাচন বোর্ড।

রাহিতুল ইসলাম