লটারির আগেই 'পরীক্ষা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিশুদের ভর্তি করার কথা থাকলেও রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বাছাইয়ের নামে ‘পরীক্ষা’ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।

প্রথম শ্রেণীতে ভর্তির ফরম বিক্রির পর এই স্কুলে আবেদনকারী শিশুদের আজ শনিবার থেকে প্রাথমিক বাছাই শুরু হয়েছে। আগামীকাল রোববার বাছাই শেষ হবে। আগামী ৬ ডিসেম্বর বাছাইয়ের ফল প্রকাশ করা হবে। এরপর প্রাথমিকভাবে বাছাইকৃত শিশুদের নিয়ে লটারি অনুষ্ঠিত হবে। লটারির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ২০, ২১ ও ২২ ডিসেম্বর।

এবার ভিকারুননিসা নূন স্কুলের চারটি ক্যাম্পাসে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ১৩ হাজারের কিছু বেশি ফরম বিক্রি হয়।

একাধিক অভিভাবক প্রথম আলো ডটকমকে জানান, আজ তাঁদের সন্তানদের বাছাইয়ের নির্ধারিত দিন ছিল। কিন্তু সেখানে তাঁদের মেয়েদের এক প্রকার পরীক্ষা দিতে হয়েছে। শিশুদের বাংলা, ইংরেজি ও অঙ্কের মতো বিভিন্ন বিষয়ের উত্তর দিতে হয়েছে।

তবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম পরীক্ষা নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রথম আলো ডটকমকে বলেছেন, গতবারের মতোই বাছাই হয়েছে। এতে শিশুদের আগের মতো কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে। এজন্য তাদের নোটিশপত্রেই পেনসিল ও রাবার নিয়ে আসার জন্য বলা হয়েছে। এটা নতুন কিছু নয়।

একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, যদি এভাবে পরীক্ষাই নেওয়া হবে, তা হলে আবার লটারি কেন? এর মাধ্যমে তো অনেক শিশুকে আগেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তারা লটারিরও সুযোগ পাচ্ছে না।

লটারির আগে পরীক্ষার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, এ বিষয়ে  তদন্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।