অস্ট্রেলীয় চলচ্চিত্রনির্মাতা ও প্রযোজক ব্যাজ লারম্যানের জন্ম ১৭ সেপ্টেম্বর ১৯৬২ সালে। তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলো হচ্ছে: স্ট্রিক্টলি বলরুম (১৯৯২), রোমিও জুলিয়েট (১৯৯৬), মউলিন রা (২০০১), অস্ট্রেলিয়া (২০০৮)। ১৯৯৮ সালে রোমিও-জুলিয়েট ছবির জন্য তিনি বিএএফটিএ অ্যাওয়ার্ড অর্জন করেন এবং ২০০২ সালে মউলিন রা ছবির জন্য গোল্ডেন গ্লোব নমিনেশন পান।

৯৯ ব্যাচের তরুণেরা তোমরা সানস্ক্রিন ব্যবহার করো! যদি আমি তোমাদের ভবিষ্যতের জন্য শুধু একটি উপদেশ দিতে পারতাম, তবে সেটা হতো ‘সানস্ক্রিন’। সানস্ক্রিন ব্যবহারের দীর্ঘমেয়াদি উপকারগুলো বিজ্ঞান প্রমাণ করেছে। কিন্তু আমার বাকি উপদেশের জন্য প্রকৃতপক্ষে নিজের অভিজ্ঞতার চেয়ে বিশ্বস্ত আর কোনো ভিত্তি নেই। আমি আমার উপদেশটি এখন তোমাদের বলব, তারুণ্যের শক্তি আর সৌন্দর্যকে তোমরা উপভোগ করো। বাস্তবতা হচ্ছে, ঝাপসা হয়ে যাওয়ার আগ পর্যন্ত তুমি তারুণ্যের শক্তি আর সৌন্দর্যকে বুঝতে পারবে না। কিন্তু বিশ্বাস করো; আজ থেকে ২০ বছর পর যখন তুমি তোমার পুরোনো ছবিগুলো দেখবে, তুমি অবাক হবে এই ভেবে যে তুমি কত চমৎকার ছিলে দেখতে, আর সামনের জীবনে তোমার জন্য কত সম্ভাবনা অপেক্ষা করছে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবে না। কারণ জানবে, দুশ্চিন্তা করা আর শুধু চুইংগাম চিবিয়ে কোনো অঙ্কের সমাধান করা একই কথা। দুশ্চিন্তাগ্রস্ত মনে তোমার জীবনের প্রকৃত সমস্যাগুলো ধরা পড়বে না, সেই সমস্যা যেগুলো তোমাকে ছুটির দিনে ভোরবেলায় জাগিয়ে রাখবে। প্রতিদিন এমন একটি কাজ করো, যা তোমাকে চমকে দেবে। অন্যের আবেগ নিয়ে উদাসীন হবে না। এমন সাহচর্য ত্যাগ করো, যারা তোমার আবেগগুলোকে এড়িয়ে যায়। ঈর্ষায় অযথা সময় নষ্ট করবে না। কখনো তুমি এগিয়ে থাকবে, কখনো পিছিয়ে পড়বে; কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, জীবনের রেসটা অনেক লম্বা আর শেষ পর্যন্ত লড়াইটা হবে তোমার নিজের সঙ্গেই।
যে প্রশংসাগুলো পেয়েছ, সেগুলো মনে রাখো, অপমানগুলো ভুলে যাও। পুরোনো প্রেমপত্রগুলো সযত্নে রাখো, ব্যাংকের রসিদগুলো ফেলে দাও।
আমার দেখা সবচেয়ে চমৎকার মানুষগুলো ২২ বছর বয়সে জানত না, জীবনে তারা কী করতে যাচ্ছে। মজার কথা হলো, তাদের অনেকে ৪০ বছর বয়সেও তা জানে না। প্রচুর ক্যালসিয়াম খাও। তোমার হাঁটুর যত্ন নাও। কারণ যখন হাঁটুগুলো তাদের শক্তি হারিয়ে ফেলবে, তুমি তাদের ফেরত পাবে না। হয়তো তুমি বিয়ে করবে, হয়তো করবে না। হয়তো তোমার ছেলেমেয়ে হবে, হয়তো হবে না। হয়তো ৪০ বছর বয়সে তোমার ডিভোর্স হয়ে যাবে, অথবা হয়তো ৭৫তম বিবাহবার্ষিকীতে তুমি যেমন খুশি, তেমন নাচবে।
তুমি যা-ই করো না কেন, কখনো নিজের কাজে উচ্চকিত হবে না, খুব বেশি হতাশায়ও ভুগবে না। জেনে রাখবে, সাফল্যের সম্ভাবনা সবার জন্যই অর্ধেক, তোমার জন্যও ঠিক তা-ই।
তোমার শরীরকে উপভোগ করো, যতভাবে সম্ভব এটি কাজে লাগাও। অন্যরা এটা নিয়ে কী ভাবছে, সেটা ভেবে চিন্তিত হবে না। তোমার শরীরই তোমার সর্বোত্তম হাতিয়ার। নাচো; যদি কোথাও জায়গা না থাকে, তাহলে তোমার শোয়ার ঘরে হলেও নাচো। যেকোনো নির্দেশনা পড়ো, যদি তুমি তা না-ও মানো, তার পরেও পড়ো। বিউটি ম্যাগাজিনগুলো পড়বে না, এগুলো তোমাকে কুৎসিত ভাবতে বাধ্য করে।
তোমার মা-বাবার খবর নাও, তাঁরা কখন তোমাকে ছেড়ে চলে যাবেন তা কেউ জানে না। ভাইবোনদের সঙ্গে ভালো ব্যবহার করো, স্বপ্নময় অতীতের সঙ্গে তারাই তোমার মেলবন্ধন ঘটাবে। ভবিষ্যতেও তারাই তোমার সঙ্গে থাকবে। বন্ধুরা আসে-যায়; কিন্তু সেই মূল্যবান অল্প কজনকে চিনে নাও, যাদের সারা জীবন তুমি ধরে রাখবে। তোমার চারপাশ ও তোমার জীবনযাত্রার মধ্যে দূরত্ব ঘোচাতে কঠোর পরিশ্রম করো। যতই তোমার বয়স বাড়বে, যতই তুমি বৃদ্ধ হবে, ততই তোমার সেই মানুষগুলোকে প্রয়োজন হবে, যাদের তুমি কম বয়সে চিনতে।
কিছু অপরিবর্তনীয় সত্যকে মেনে নাও। জিনিসপত্রের দাম বাড়বে, রাজনীতিবিদেরা কথার খেলাপ করবে। তোমার বয়সও দিন দিন বাড়তে থাকবে। একটা সময় তুমি যখন সত্যিই অনেক বৃদ্ধ হয়ে যাবে; তখন তুমি ভাববে যে তুমি যখন তরুণ ছিলে, তখন জিনিসপত্রের দাম ছিল ঠিক, রাজনীতিবিদেরা ছিল মহৎ এবং ছোটরা তখন বড়দের প্রতি ছিল শ্রদ্ধাশীল।
বড়দের শ্রদ্ধা করো। কখনো অন্যের সাহায্য আশা করবে না। হতে পারে তোমার একটি ট্রাস্ট ফান্ড আছে অথবা হতে পারে তোমার স্ত্রী অনেক ধনী। কিন্তু তুমি জান না, কখন তুমি তাদের হারিয়ে ফেলবে।
চুল নিয়ে কখনোই বেশি ব্যস্ত হবে না; নয়তো চল্লিশেই তোমার বয়স ৮৫ দেখাবে। সাবধানী হও, কার উপদেশ তুমি গ্রহণ করবে? এবং তাদের প্রতি ধৈর্যশীল হও। উপদেশ হচ্ছে এক ধরনের নস্টালজিয়া, ফেলে আসা স্মৃতি। অতীত হাতড়ে, অনেক খুঁজে খারাপ ঘটনাগুলোর ওপর রং চড়িয়ে উপদেশ দেওয়া হয়, যেগুলো আসলে এর যোগ্য না। কিন্তু ‘সানস্ক্রিন’-এর ব্যাপারে তোমরা আমাকে বিশ্বাস করো!
সূত্র: ওয়েবসাইট, ইংরেজি থেকে অনুবাদ: মনীষ দাশ