ললিপপের ব্যবহার নেই বললেই চলে
স্মার্টফোনের জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ৫.০’ ছাড়া হয়েছে দুই মাসের বেশি সময় আগে। ‘ললিপপ’ নামে পরিচিত এ সংস্করণটির ব্যবহারকারী এখনো ০.১ শতাংশও হয়নি! মূলত এ সংস্করণটি দিয়েই বাজারে এসেছে গুগলের নেক্সাস ৪, ৫, ৭ এবং ১০ স্মার্টফোন। এ ছাড়া মটো এক্স ও জি ফোনেও আছে নতুন এ সংস্করণ। তবে এখনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে নতুন সংস্করণটি তেমন সাড়া জাগাতে পারেনি।
গুগলের অ্যাপের দোকান প্লে স্টোরের তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে ললিপপ ও কিটক্যাট ব্যবহৃত হচ্ছে ৩৯.১ শতাংশ অ্যান্ড্রয়েড চালিত যন্ত্রে। এ ছাড়া ৪.১ সংস্করণ ১৯.২ শতাংশ, ৪.২ সংস্করণ ২০.৩ শতাংশ এবং ৪.৩ সংস্করণ ৬.৫ শতাংশ অ্যান্ড্রয়েড যন্ত্রে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ৪.০৩-০৪ আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণ ৭.৮ শতাংশ ও ২.২ সংস্করণ ০.৪ শতাংশ অ্যান্ড্রয়েড যন্ত্রে ব্যবহৃত হচ্ছে।
পুরোনো সংস্করণগুলোর পরিসংখ্যান যখন এমন, সেখানে সর্বশেষ সংস্করণ ব্যবহারের এমন অবস্থা সন্তোষজনক নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর কারণ হিসেবে বলা হচ্ছে, নতুন যেসব যন্ত্রে ললিপপ এসেছে, সেগুলোতে নানা ধরনের সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।
ফলে অনেকেই ললিপপ সংস্করণে হালনাগাদ করতে আগ্রহ হারাচ্ছেন। যেসব সমস্যা হচ্ছিল, সেগুলো ৫.০.২ সংস্করণ পর্যন্ত সমাধান করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। তবে অনেক ব্যবহারকারী এবং প্রোগ্রামারও স্বীকার করেছেন, ললিপপ অ্যান্ড্রয়েডের দারুণ এক সংস্করণ। আরও কয়েক মাস পরে হয়তো সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে ব্যবহারকারীর মন জয় করতে পারবে ললিপপ।
—জেডডিনেট অবলম্বনে কাজী আলম