লস অ্যাঞ্জেলেসের এই উপায় ভেবে দেখতে পারে বাংলাদেশও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরচেনা কালো পথ বদলে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসে। ছবি: এনবিসি
চিরচেনা কালো পথ বদলে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসে। ছবি: এনবিসি

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবার এক অভিনব পদ্ধতি বরণ করে নিলেন লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি। তিনি আশা করছেন, আগামী দুই দশকের মধ্যে লস অ্যাঞ্জেলেস শহরের গড় তাপমাত্রা ৩ ডিগ্রি ফারেনহাইট কমিয়ে আনা সম্ভব। এই প্রচেষ্টার নেপথ্যে রয়েছে খুব সহজ, অথচ একরকম অভিনব বুদ্ধি—শহরের রাস্তাগুলোর ওপর নতুন সাদা রঙের আস্তরণ! যাকে বলা হচ্ছে কুলসিল। এতে চিরচেনা পিচঢালা কালো পথ হয়ে যাচ্ছে সাদা রঙের! কারণ কালো রং তাপ শোষণ করে বেশি।

মরুভূমি উপত্যকায় অবস্থিত লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রের এমন একটি দুর্ভাগা শহর, যেখানে একমাত্র তাপমাত্রা বৃদ্ধির কারণে বহু মানুষ মারা যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য যখন রাজনীতিবিদদের বকবকানি অযথাই সময় নষ্ট করছিল, তখন বিজ্ঞানী এবং গবেষকদের পরামর্শে লস অ্যাঞ্জেলেসের কর্তাব্যক্তিরা এ সিদ্ধান্ত নিলেন।
শহরের গড় তাপমাত্রা ৫ ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পাওয়া মানে একটি সাধারণ উত্তপ্ত দিনকে অস্বস্তিকর অবস্থা থেকেও মারাত্মক পর্যায়ে নিয়ে যাওয়া! শহরের তাপপ্রবাহকালীন মানুষের স্বাস্থ্যঝুঁকি আর বিভিন্ন পীড়াদায়ক রোগবালাই তো মুখিয়ে থাকেই! ঠিক এই বিচ্ছিরি অবস্থা থেকে মুক্তির উপায় খুঁজতেই শহরের রাস্তাগুলোর ওপর ‘কুলসিল’ দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে। ছায়াবৃক্ষহীন লস অ্যাঞ্জেলেসের রাস্তাগুলোর কালো পিচ সূর্যের তাপ ধরে রেখে তাপমাত্রা আরও বৃদ্ধি করে দেয়, তাই এই কালোর পরিবর্তে সাদা রঙের প্রলেপ কর্মসূচি হাতে নিয়েছে লস অ্যাঞ্জেলেস!

‘কুলসিল’ কী!
কুলসিল হালকা ধূসর বর্ণের একটি প্রলেপ, যা পৃষ্ঠীয় তাপমাত্রা কমাতে সাহায্য করে। আর এই তাপমাত্রা কমানোর নেপথ্যে কাজ করে এর হালকা রং এবং তার প্রতিফলন ক্ষমতা। প্রচলিত পিচের চেয়ে কুলসিলের প্রলেপ তাপমাত্রা হ্রাসে অনেক বেশি কার্যকর। এটি ৩৩ শতাংশ পর্যন্ত প্রতিফলন ক্ষমতা ধারণ করে, সেই সঙ্গে সাধারণ প্রচলিত বিটুমিনের মতো প্রলেপনের চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়।
সাধারণ প্রলেপনের কারণে কালো পিচঢালা রাস্তা সূর্যরশ্মির মাধ্যমে আসা তাপ শুষে নেয় এবং ধীরে ধীরে ওপর পৃষ্ঠের তাপমাত্রাও বাড়ায়। ১৬০ ডিগ্রি ফারেনহাইটেরও বেশি মাত্রায় পৌঁছে যায় রাস্তার ওপর পৃষ্ঠের তাপমাত্রা। তাই কাঠফাটা রোদে পিচঢালা রাস্তার ওপর খালি পায়ে হাঁটার কথা আমরা কল্পনাতেও আনতে পারি না!
অন্যদিকে কুলসিলের প্রলেপ ওপরের পৃষ্ঠের তাপমাত্রা ১০ থেকে ২৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম। শুধু রাস্তাই নয়, পার্ক, খেলার মাঠ, গাড়ি বারান্দা, আবাসিক এলাকা, স্কুল, ফুটপাত—সবকিছুর জন্যই এই কুলসিল বেশ কার্যকর!

রাস্তা সাদা করার সুফলও পাচ্ছে শহরটি। ছবি: ইন্ডিয়া টুডে
রাস্তা সাদা করার সুফলও পাচ্ছে শহরটি। ছবি: ইন্ডিয়া টুডে


এ ছাড়া কুলসিলের আরও যেসব উপকারী দিক আছে—
* এটি শক্তি সঞ্চয় করে এবং নিঃসরণ কমায়
* এর সংস্পর্শে আসা পানি এবং বাতাসের গুণাগুণ বৃদ্ধি করে
* পরিবেশবান্ধব এবং রিসাইকেল উপাদান দিয়েই তৈরি
* রাস্তা পিচ্ছিল হওয়ার ভয় নেই
* উপরিভাগ কাচের মতো চকচকে নয় এবং হালকা ধূসর বর্ণের। চোখ ধাঁধিয়ে যাবে না চালকদের
* রাতের বেলায় অতিরিক্ত আলো ছাড়াও অনায়াসেই উপস্থিতি টের পাওয়া যায় এর হালকা রঙের কারণে। সুবিধা হয় পথ চলতে, গাড়ি চালাতে। সেদিক থেকে রাস্তার সারি সারি ল্যাম্পপোস্টের আলো জ্বালানোর খরচও কমে যায়
* রাস্তা পরিষ্কারের ক্ষেত্রে সাধারণ উপায়ই যথেষ্ট, এর জন্য আলাদা কোনো পদ্ধতি প্রয়োজন পড়ে না

যদিও অনেকেই বলছেন, লস অ্যাঞ্জেলেসে এই অল্পসংখ্যক রাস্তায় সাদা রং দিয়ে আর কতটুকুই-বা তাপমাত্রা কমানো যাবে? সব রাস্তায় কুলসিলের ব্যবহার প্রয়োগ করা, সেই সঙ্গে গাছ লাগানোর পরিমাণও বাড়ানো। দরকার শহরের বাড়ির ছাদেও কুলসিল ব্যবহার করা।
লস অ্যাঞ্জেলেসে গত পাঁচ বছরে মাসিক গড় তাপমাত্রা ৩ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট বেড়ে গেছে। কেবল জুলাই মাসেই ৯০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ডিঙিয়ে গেছে ৪ বার! কাজেই থার্মোমিটারের একটা ক্ষুদ্র ভাগও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তাই দ্রুত হোক কিংবা ধীরে হোক, এই কুলসিলের ব্যবহার নিয়ে অনেক আশাবাদী লস অ্যাঞ্জেলেস শহর।
এই বিকল্প ভাবনা ভেবে দেখতে পারে বাংলাদেশও। অবশ্যই প্রকৌশলীদের পরামর্শ নিয়ে। তাঁরাই ভালো বলতে পারবেন, এটি বাংলাদেশের জন্য, ঢাকার মতো বড় শহরের জন্য কতটা সহায়ক হবে।