লাই-ফাইয়ে পাওয়া গেল ১০ গিগাবাইট গতি

তারহীন লাই-ফাই ইন্টারনেট সংযোগে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট গতিতে তথ্য আদান-প্রদান করতে পেরেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। সোমবার তাঁরা লাই-ফাইতে এই গতি তুলতে সক্ষম হন। এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতির মাধ্যমে এই লাই-ফাই ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। এ পর্যন্ত প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৩ গিগাবাইট গতি পাওয়া গেছে এলইডির ইন্টারনেটে। এই ইন্টারনেটে ক্ষুদ্র (মাইক্রো) এলইডি বাতি ব্যবহার করা হয়েছে।
এডিনবরা, সেন্ট অ্যান্ড্রুজ, স্ট্রাথস্লাইড, অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের যৌথ উদ্যোগে ‘আল্ট্রা-প্যারালাল ভিজিবল লাইট কমিউনিকেশনস প্রজেক্ট’ শীর্ষক গবেষণার আওতায় এলইডি বাতি থেকে ইন্টারনেট সংযোগ নেওয়ার এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারাল্ড হাস এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন। তিনিই বৈদ্যুতিক বাতি থেকে এই ইন্টারনেট সংযোগের নামকরণ করেছিলেন ‘লাই-ফাই’। প্রকল্পে অর্থায়ন করছে ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল। এই ইন্টারনেট সংযোগ নেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ক্ষুদ্র এলইডি বাল্ব। এটি তৈরি করেছে গ্লাসগোর ইউনিভার্সিটি অব স্ট্রাথস্লাইড।
—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান