লাইকের বদলে লাভ

পৃথিবীটা ‘লাভ’ বা ভালোবাসায় পূর্ণ। অন্তত গত দুই দিনে ফেসবুকে ঢুকলে তাই বোঝা যায়। এত দিন ফেসবুকের কোনো পোস্টে ভালোবাসা প্রকাশের কোনো ব্যবস্থা ছিল না বলে মানুষ শুধু লাইক দিয়েই তা চালিয়ে দিত। এমনকি কোনো দুঃখের খবরেও দিতে হতো লাইক। ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানানোর জন্য পাঁচটি নতুন বাটন চালু করেছে। যার মধ্যে একটি হচ্ছে লাভ বাটন। এই বাটনটি এখন সবচেয়ে বেশি জনপ্রিয়।
বুধবার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানানোর নতুন বাটনগুলো সম্পর্কে তথ্য প্রকাশ করেন। এ বাটনগুলোর মধ্যে লাভ বাটনটি অধিক জনপ্রিয় হয়েছে। ‘লাভ’, ‘হাহা’, ‘ওয়াও’, ‘স্যাড’ ও ‘অ্যাংরি’ নামের এই বাটনগুলো উন্মুক্ত করা প্রসঙ্গে জাকারবার্গ বলেন, মানুষ সব সময় ফেসবুকে যে পোস্ট করে, তা সুখের পোস্ট হয় না। অনেক সময় দুঃখের ও হতাশার পোস্টও দেখা যায়।
ফেসবুকে ডিজলাইক বাটন না আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহারকারীরা ডিজলাইক বাটনের কথা বলছেন। বন্ধুদের পোস্ট অপছন্দ করার জন্য ঠিক এ বাটন তাঁরা চান না। বরং সহমর্মিতা বা বন্ধুকে সহজ করার জন্য বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানানোর সুযোগ তাঁরা চান। ফেসবুকের টিম এ বিষয়টি নিয়ে গবেষণা করেছে। লাইক বাটনের ওপর চেপে ধরে রেখে এই বাটনগুলো ব্যবহার করার মতো সহজ পদ্ধতি আনা হয়েছে।’
যেভাবে ব্যবহার করবেন:
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, এ বাটন ব্যবহার করা খুব সহজ। আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ ব্যবহারকারীরা এ বাটন ব্যবহারের সুযোগ পাবেন। যাঁরা ব্যবহার করতে পারছেন না, শিগগিরই তাঁদের ফেসবুক প্রোফাইলে এ সুবিধা যুক্ত করে দেবে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, বিশ্বজুড়ে সব ফেসবুক ব্যবহারকারীর কাছে এ বাটন পৌঁছাতে আরও কয়েক দিন লাগতে পারে। একটি পোস্টে একাধিক প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকছে না। অর্থাৎ, লাইক দিলে আর কিছু জানানোর সুযোগ নেই। তবে কোনো প্রতিক্রিয়া জানানোর পর তা ফিরিয়ে নিয়ে নতুন প্রতিক্রিয়া জানানো যাবে।
আইওএসচালিত বা অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসে ফেসবুকে প্রতিক্রিয়া জানাতে পোস্টের নিচে থাকা লাইক বাটনটিতে কিছুক্ষণ চাপ দিয়ে ধরতে হবে। একটি পপআপ ড্রয়ারে ছয়টি ‘ইমোজি’ আসবে। যেকোনো একটি চেপে সে প্রতিক্রিয়াটি পোস্ট করা যাবে। ডেস্কটপের ক্ষেত্রে লাইকের ওপর মাউস নাড়ালে পপআপটি চলে আসবে। তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার।
আরও পড়ুন..