লাইফস্টেজ আসছে অ্যান্ড্রয়েডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইফস্টেজ অ্যাপ
লাইফস্টেজ অ্যাপ

বিশ্বজুড়ে ফেসবুকের ১৭০ কোটি ব্যবহারকারীর সবাই কিন্তু তরুণ নন। তবে ১৩ থেকে ১৯ বছর বয়সী অনেকেই স্ন্যাপচ্যাট কিংবা ইনস্টাগ্রামের মতো সেবা ব্যবহার করেন। ইনস্টাগ্রাম কিংবা স্ন্যাপচ্যাটের সঙ্গে লড়াই করতে গত আগস্টে লাইফস্টেজ নামের একটি অ্যাপ আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত করে ফেসবুক। এবারে ওই অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করেছে ফেসবুক।
লাইফস্টেজ অ্যাপটি এর ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দ এবং আবেগের ভিত্তিতে ছবি ও ভিডিও আপলোড করতে উৎসাহী করে। এগুলো পরে ভিডিও প্রোফাইল হিসেবে রূপান্তরিত হয়। স্কুল কমিউনিটিকে লক্ষ্য করে এ অ্যাপটি তৈরি করা হয়েছে। কোনো স্কুলের যখন ২০টির বেশি ব্যবহারকারী হবে, তখন অন্য প্রোফাইল দেখা যাবে।
ফেসবুকের এই অ্যাপটি তৈরি করেছে ১৯ বছর বয়সী পণ্য ব্যবস্থাপক মাইকেল সায়মান। সায়মান সম্ভবত ফেসবুকের সর্বকনিষ্ঠ পণ্য ব্যবস্থাপক। হাইস্কুল ছেড়েছেন দুই বছরও হয়নি, এরই মধ্যে দক্ষ সফটওয়্যার নির্মাতা হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। আর এই তরুণের হাতেই তৈরি হয়েছে লাইফস্টেজ। ১৩ বছর বয়সে প্রথম অ্যাপ বানিয়েছেন সায়মান। ফেসবুকের দৃষ্টি আকর্ষণের আগে আরও গোটা কয়েক অ্যাপ বানিয়েছিলেন তিনি। এরপর ফেসবুকের এফ ৮ সম্মেলনে আমন্ত্রণ জানানো হলে মার্ক জাকারবার্গের সঙ্গে দেখা করার সুযোগ পান সায়মান। জাকারবার্গ নিশ্চয় মুগ্ধ হয়েছিলেন, কিছুদিন পরেই ফেসবুকে কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হয় সায়মানকে।