লাখো গেমারের পাসওয়ার্ড চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ভিডিও গেমস নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফটে নিবন্ধিত লাখো গেমারের পাসওয়ার্ড চুরি (হ্যাক) হয়েছে। সম্প্রতি ইউবিসফট তাদের ব্যবহারকারীদের দ্রুত নিজেদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছে। জানা গেছে, ইউবিসফটে হ্যাকিংয়ের সময়টিতে প্রায় পাঁচ কোটি আট লাখ ব্যবহারকারী ছিল, যাদের ইউজার নেম, ই-মেইল ঠিকানা এবং পাসওয়ার্ড তথ্য চুরি হয়েছে। অবৈধভাবে এসব তথ্য হ্যাকড হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এতে গ্রাহকদের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড-সংক্রান্ত কিছু ছিল না বলেও জানা গেছে। গত বছরও এমন একটি সমস্যায় পড়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় জরুরিভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এবারের এ হামলাটি বড় ধরনের হামলা ছিল উল্লেখ করে এক বিবৃতিতে ইউবিসফট নিজেদের ব্যবহারকারীদের পাসওয়ার্ড দ্রুত পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি অন্যান্য ওয়েবসাইট কিংবা গুরুত্বপূর্ণ জায়গায়ও যদি কেউ একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, সেটিও পরিবর্তনের কথা বলেছে প্রতিষ্ঠানটি। সনির প্লে-স্টেশন নেটওয়ার্কে একই ধরনের হামলার দুই বছর পর এ ধরনের বড় হামলা হলো। সে সময় লাখো ব্যবহারকারীর পাসওয়ার্ডসহ ক্রেডিট কার্ডে বিস্তারিত তথ্যও অনলাইনে উন্মুক্ত হয়ে পড়ে। ‘প্রিন্স অব ফার্সিয়া’ শীর্ষক গেম সিরিজের জন্য সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছে ইউবিসফট। সাধারণত এ ধরনের গেমসের জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব একটি ইউজার অ্যাকাউন্টভিত্তিক সার্ভিস দিয়ে থাকে গেমারদের জন্য। হ্যাকিংয়ের এ ঘটনা কারা ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ কাজে কারা জড়িত, সে ব্যাপারটি নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।—বিবিসি অবলম্বনে কাজী আলম