লাঠির বদলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি চুয়াডাঙ্গায় সন্ত্রাস প্রতিরোধে জনতার হাতে লাঠি তুলে দেয় পুলিশ। বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তাহলে লাঠির বদলে জনতার হাতে কী তুলে দিলে সমালোচনা হতো না? সেটাই ভাবার চেষ্টা করেছেন বিশিষ্ট ভাবনাবিদ আসফিদুল হক

স্মার্টফোন উইথ সেলফিস্টিক
সবার হাতে একটি করে স্মার্টফোন ও সেলফিস্টিক দেওয়া যায়। এতে করে আক্রমণ করতে এলে সন্ত্রাসীকে সেলফি তোলার আমন্ত্রণ জানানো হবে। যেখানে আজকাল পাগলও নিজের ভালো সেলফিটা বোঝে, সেখানে কোনো সন্ত্রাসীই সেলফি তোলার এমন সুযোগ হাতছাড়া করবে না। ফলে সন্ত্রাসী হামলা করে পালিয়ে গেলেও পরে তাকে ধরার সুযোগ থাকবে।

ক্রিকেট বল
সবার হাতে ক্রিকেট বল দেওয়া যায়। সেই বল দিয়ে সবাই সারা দিন ক্যাচ ক্যাচ খেলবে। সন্ত্রাসী হামলা করতে এলে তার দিকেও বল ছুড়ে দেওয়া হবে। ফলে সন্ত্রাসী তার অস্ত্র ফেলে ক্যাচ ধরতে ব্যস্ত হয়ে পড়বে। তবে বল এমনভাবে ছুড়তে হবে যাতে করে সন্ত্রাসী কোনোভাবেই ধরতে না পারে। তখন তাকে ‘হারুপার্টি’ বা ‘দুধভাত’ ইত্যাদি নামে ডেকে উত্তেজিত করতে হবে। ফলে সন্ত্রাসী তখন হামলার কথা ভুলে গিয়ে সঠিকভাবে ক্যাচ ধরতে মনোযোগী হয়ে পড়বে। এভাবে ক্যাচ ধরতে ধরতে একসময় পুলিশ এসে তাকেই ‘ক্যাচ’ ধরে নিয়ে যাবে।

সেলিম ওসমানের অডিও
সাংবাদিকদের প্রতি সেলিম ওসমানের মুখনিঃসৃত মহান, ছন্দময় শব্দশৈলী-সংবলিত অডিও সিডি সবার হাতে তুলে দেওয়া যেতে পারে। সন্ত্রাসী এলে সঙ্গে সঙ্গে সিডি চালিয়ে দিতে হবে। আশা করা যায়, সেলিম ওসমানের মুখের ভাষা শুনে অতি দুর্ধর্ষ সন্ত্রাসীও ঘেন্নায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিত্যাগ করে এবং বৈরাগ্য গ্রহণ করে হিমালয়ের উদ্দেশে রওনা হবে।

বাঁশের বাঁশি
লাঠির বদলে বাঁশি উত্তম। তাই জনতার হাতে বাঁশি তুলে দেওয়া যেতে পারে। দরকার হলে হ্যামিলিনের বাঁশিওয়ালাকে ডেকে এনে সবার জন্য সপ্তাহব্যাপী বাঁশি শিক্ষা কর্মশালার আয়োজন করতে হবে। এই কর্মশালায় সবাই বাঁশি বাজানো শিখে ফেলবে। এরপর শুরু হবে আসল খেলা। সন্ত্রাসী এলে সবাই মিলে একসঙ্গে বাঁশি বাজানো শুরু করবে। এই বাঁশির সুরে একসঙ্গে দুই ধরনের উপকার পাওয়া যাবে। এক. সম্মিলিত বাঁশির করুণ সুর শুনতে শুনতে অতি বড় সন্ত্রাসীর মনও আনচান করে উঠবে। ফলে সে তখন উদাস গলায় গান ধরবে—‘কে বাঁশি বাজায় রে/ মন কেন নাচায় রে/ আমার প্রাণ যে মানে না/ কিছুই ভালো লাগে না...’। এবং দুই. বাঁশির সুরে সুরে হেলেদুলে পুলিশও এসে হাজির হবে। তারপর তারা ক্যাঁক করে সন্ত্রাসীর কলার চেপে ধরে গাইবে—‘এত দিন খুঁজেছি যারে/ পেয়ে গেছি আজ আমি তারে...’। এভাবেই বাঁশির সুর সন্ত্রাস মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।