বর্তমান মোবাইল নম্বর ঠিক রেখে ভারতের মোবাইল ফোনের গ্রাহকেরা ২০ জানুয়ারি থেকে তাদের পছন্দের যেকোনো মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠানের গ্রাহক হওয়ার সুযোগ পেয়েছে। অর্থাৎ সংযোগদাতা প্রতিষ্ঠান বদল হলেও অভিন্ন নম্বর থাকছে মোবাইল ফোনের গ্রাহকের।এই সুবিধা চালুর পর দেখা গেছে, এ ব্যবস্থায় প্রথম আট দিনে লাভবান হয়েছে আইডিয়া এবং সর্বাধিক ক্ষতির সম্মুখীন হয়েছে রিলায়েন্স, এয়ারটেল, টাটা ও বিএসএনএল। ভারতের টেলিযোগাযোগ দপ্তর সূত্রে বলা হয়েছে, এই সংযোগ চালুর প্রথম আট দিনে লাভবান হয়েছে ভারতের ষষ্ঠ বৃহত্তম মোবাইল পরিষেবা সংস্থা আইডিয়া। অন্য মোবাইল থেকে তাদের নতুন গ্রাহক হয়েছে ১২ হাজার ৩০০ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ভোডাফোন। তারা পেয়েছে ১১ হাজার ২৫২ জন নতুন গ্রাহক। তৃতীয় স্থানে এয়ারটেল। তারা পেয়েছে তিন হাজার ৩৮৯ জন গ্রাহক। অন্যদিকে এয়ারটেলে মাত্র ৯৪ ও রিলায়েন্সে ১৯২ জন গ্রাহক এসেছে। পক্ষান্তরে রিলায়েন্স হারিয়েছে নয় হাজার ৮৩৭ জন গ্রাহক। একইভাবে গ্রাহক হারিয়েছে বিএসএনএল ও টাটা টেলি সার্ভিস। গত ২০ জানুয়ারি ভারতের রাজধানী নতুন দিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী চালু করেছেন এই মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি পরিষেবা। —অমর সাহা, কলকাতা