লাভলেটারস প্রকল্প পুরস্কৃত
কম্পিউটারের একটি পুরোনো প্রোগ্রাম নতুনভাবে তৈরি করে টনি সেল পুরস্কার পেয়েছে লাভলেটারস নামের একটি ব্রিটিশ প্রকল্প। প্রকল্পটি এমন একটি পুরোনো প্রোগ্রাম নতুন করে তৈরি করেছে, যা ১৯৫১ সালে নির্মিত বিশ্বের প্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে বানানো কম্পিউটার ফেরান্টি মার্ক ওয়ানে একটি প্রেমপত্র লিখতে সক্ষম হয়েছে। লাভলেটারস প্রকল্পের স্রষ্টা ডেভিড লিঙ্ক গত শুক্রবার এ পুরস্কার গ্রহণ করেছেন। যুক্তরাজ্যের কম্পিউটার প্রোগ্রামার ও হার্ডওয়্যার প্রকৌশলী টনি সেলের স্মরণে এই পুরস্কার প্রবর্তন করা হয়। ২০১১ সালে মৃত্যুর আগ পর্যন্ত টনি সেল পুরোনো কম্পিউটার সংরক্ষণের জন্য কাজ করে গেছেন। সর্বপ্রথম লাভলেটারস প্রোগ্রামটি লিখেছিলেন সফটওয়্যার প্রকৌশলী ক্রিস্টোফার স্ট্র্যাচি। ১৯৫০-এর দশকে তিনি অ্যালান তুরিং নামে আরেক সফটওয়্যার প্রকৌশলীর সঙ্গে যৌথভাবে এই প্রোগ্রাম লেখেন। ফেরান্টি মার্ক ওয়ান কম্পিউটারে সাধারণত জটিল গাণিতিক হিসাব-নিকাশ মেলানোর জন্য ব্যবহার করা হতো। কিন্তু ক্রিস্টোফার স্ট্র্যাচি এক অদ্ভুত খেয়ালের বশে লাভলেটারস প্রোগ্রামটি সংযোজন করেন, যা দিয়ে কিনা লেখার কাজ করা যাবে। এই প্রোগ্রাম দিয়ে লেখা হয় প্রেমপত্র।লিঙ্ক বলেন, ‘ক্রিস্টোফার স্ট্র্যাচির প্রোগ্রাম ফের তৈরি করা ছিল ভয়ঙ্কর কঠিন একটি কাজ। কারণ, আধুনিক প্রোগ্রামগুলোর সঙ্গে এর কোনো মিলই নেই। একটা সময় তো আমি ভেবেই পাচ্ছিলাম না কীভাবে এই প্রোগ্রামটি কাজ করেছে।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান