লার্নিং অ্যান্ড আর্নিং নিয়ে সেমিনার

তরুণ মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্য থেকে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। আজ রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি ভবনে ‘লার্নিং অ্যান্ড আর্নিং: আত্মনির্ভরশীলতায় নতুন সম্ভাবনা’ প্রকল্প আয়োজিত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে তথ্যপ্রযুক্তি কর্মী, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারসহ ৩০০ জন অংশ নেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন এলআইসিটি (লিভরেজিং আইসিটি ফর গ্রোথ, ইমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স) প্রকল্পের যোগাযোগ পরামর্শক অজিত কুমার সরকার, কারিগরি বিষয়ে নির্দেশনা দেন ওডেস্ক ও ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। সেমিনারে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
শ্যামসুন্দর সিকাদার বলেন, প্রযুক্তিতে নিজেকে ও বাংলাদেশকে চেনাতে প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ। লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ নিয়ে তরুণেরা আউটসোর্সিংয়ে আরও পারদর্শী হবেন।
জুনাইদ আহমেদ বলেন, আইসিটিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের প্রকল্প ও কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। চারটি ধাপকে বিবেচনায় নিয়ে এসব প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্যপ্রযুক্তি খাতকে বিকশিত করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে।
প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে তথ্যপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান উন্নত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং এ বিষয়ে সচেতনতা তৈরিতে এ প্রকল্প কাজ করে চলছে। এ প্রকল্পের মাধ্যমে ৫৫ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা হবে। ২০১৬ সাল পর্যন্ত এ প্রকল্প চলবে।