লাল গ্রহের টানে

প্রতিবেশী গ্রহ মঙ্গলে যেতে মর্ত্যবাসীর পাড়ি দিতে হবে কমপক্ষে সাড়ে তিন কোটি মাইল। তা-ও আবার দুটি গ্রহ যখন সবচেয়ে কাছাকাছি থাকে তখন। নামে প্রতিবেশী হলে কী হবে, সর্বোচ্চ গতির নভোযানে চড়ে যেতেও নাকি সাত মাস লেগে যাবে! একগুঁয়ে বিজ্ঞানীরা কি তাই বলে থেমে যাবেন? অসম্ভব! তাঁদের বছরের পর বছর ধরে চলা গবেষণার লক্ষ্য একটাই—রহস্যে ঘেরা মঙ্গল জয় করা যায় কীভাবে। গবেষণার এই দৌড়ে চুল পাকা সব গবেষক-বিজ্ঞানীদের দলে কোনোদিক থেকেই পিছিয়ে নেই তরুণেরা।
মঙ্গল জয়ে তরুণদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়াতে দ্য মার্স সোসাইটির আয়োজনে প্রতিবছর স্নাতক পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। থাকে কিছু শর্ত। আর সেই শর্ত পূরণের চেষ্টা করে নিজেদের বানানো অনুসন্ধান কাজে ব্যবহার করা রোবটের (রোভার) বিস্তারিত নকশা এবং ভিডিও চিত্র পাঠিয়ে বাংলাদেশ থেকে তিনটি দল এবারের ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০১৬’-এর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া দল তিনটি হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দল ইন্টারপ্লানেটার, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) দল মার্স রোভার ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশের (এআইইউবি) দল রোবটিক ক্রু। দুই ধাপে বাছাইপর্ব শেষে ১২টি দেশের ৬৩টি দলকে পেছনে ফেলে বাংলাদেশের এই তিনটি দল জায়গা করে নিয়েছে সেরা ৩০-এর ঘরে। আগামী ২ থেকে ৪ জুন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের হ্যাঙ্কসভিলে শহরের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে এই ৩০টি দলের প্রতিনিধিরা তাঁদের বানানো রোভার নিয়ে হাজির হবেন। যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, ভারত, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীদের মুখোমুখি হবে বাংলাদেশের তিনটি দল।

ইন্টারপ্লানেটার (বুয়েট)
মাস দুয়েক আগে থেকেই রোভার তৈরির কাজে ব্যস্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল ‘ইন্টারপ্লানেটর’। দলটির ১১ জন সদস্য হলেন খালেদ বিন মইন উদ্দীন, আবুল আল আরাবী, ফজলে এলাহী খান, নওয়াব মো. আমিনুল হক, শায়াক ইবনে ফারুকী, ইরফান মোহাম্মদ আল হাসিব, আশরাফুল আলম, নবী বিন হোসাইন, সংকলন বড়ুয়া, কুমার দীপায়ন ও সাব্বির পারভেজ। কিছুদিন আগে ইউরোপীয় রোভার চ্যালেঞ্জে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল দলটি। সে অভিজ্ঞতা থেকেই এবার বাংলাদেশের জন্য ভালো সাফল্য আসবে এমনটাই আশা দলের সদস্যদের।
মার্স রোভার (আইইউটি)
ওদিকে রায়হান ইসলামের নেতৃত্বে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘মার্স রোভার’ দলের সদস্যসংখ্যা ২০ জন। গত অক্টোবর থেকেই রোভারটি তৈরি করতে এককাট্টা হয়েছিলেন ইন্তিসার নূর, মাহমুদুল আলম, মিনহাজ-উস-সালেকীন, মুশফিকুর রহমান, উসামা ইসলাম, চৌধুরী সাদিদ আলম, আহমেদ ইউসুফ, কাজী ফাহিম ফয়সাল, ইশরাক হায়াত, ফাহরিয়ার আলম, তানভির ফাহাদ হক, মির্জা মুনতাসির নিশাত, আসিফ ইকবাল, সামি ইরফান, সাখাওয়াত হুসেইন, জীবন মাহমুদ হাসান, আবদুল্লাহ আল জোহা, রায়হানুল ইসলাম ও সানিয়াত তাহসিন। গতবার ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জে অংশ নিয়ে বাংলাদেশের জন্য সেরা সাফল্য বয়ে এনেছিল মার্স রোভার। সেই অনুপ্রেরণা থেকেই এবার আরও ভালো ফল বয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ দলের সদস্যরা।

রোবটিক ক্রু (এআইইউবি)
আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো নিজেদের তৈরি রোভার নিয়ে অংশ নিতে যাচ্ছে এআইইউবির দল রোবটিক ক্রু। প্রথমবার অংশ নিয়েই সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার পর দলটির লক্ষ্য চূড়ান্ত পর্বে ভালো ফল অর্জন করা। মাহফুজুর রহমানের নেতৃত্বে দলের অন্য সদস্যরা হলেন আশিক সরকার, আবির হোসেন, ফারহান মামুন, জিসান আহমেদ, শাবাব ইকবাল, মিনার মাহমুদ, চৌধুরী মিফতাহ মাহমুদ, নিসার সরকার, নাজিম উদ্দৌলা, জসিম উদ্দিন, সোহানুজ্জামান, শশাঙ্ক কুমার প্রামাণিক, এইচ এম আতা-ই-রাব্বী, সিফাত নূর, কামরুল হাসান ও মিজানুর রহমান।
দলগুলোর তৈরি রোভারের কাজটা কী হবে? বিস্তারিত জানালেন ইন্টারপ্লানেটর দলের দলনেতা খালেদ বিন মঈন উদ্দীন। তিনি বললেন, ‘মূলত এবার চারটি কাজ বা শর্ত দেওয়া হয়েছে। এই শর্তগুলো আমাদের বানানো রোভার দিয়ে ইউটাহর মরুভূমিতে করে দেখাতে হবে।’ চার শর্তের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হলো, মাটির গভীরে গিয়ে মাটির নমুনা সংগ্রহ করা। সেই সংগ্রহের কাজ যেখান-সেখান থেকে করলেই হবে না। সংগ্রহ করার পর রোভারকে নিজেই পরীক্ষা করে দেখতে হবে এটা সব থেকে ভালো নমুনা কি না। ওদিকে মঙ্গলের জমি অনেকটা এবড়োখেবড়ো বলেই কিনা একটা শর্ত আছে উঁচু-নিচু পথ পাড়ি দেওয়ার। কখনো সিঁড়ির মতো খাড়া স্থান থেকে নামতে হবে, কখনো বা ৬০ ডিগ্রিরও বেশি খাড়া ঢাল বেয়ে উঠতে হবে। মহাকাশচারীকে সহযোগিতা করার সামর্থ্যও থাকতে হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা, টুলবক্স তুলে দেওয়ার জন্য ন্যূনতম পাঁচ কেজি ওজন তোলার ক্ষমতা থাকতে হবে। সঙ্গে মঙ্গলে থাকা বিভিন্ন অকেজো যন্ত্রপাতির মেরামতও করতে হবে! আর এই সবকিছুই করতে হবে নিজেদের বানানো নিয়ন্ত্রণ নেটওয়ার্কের ভেতরে রেখে। ওয়াই-ফাই বা এ রকম কোনো নেটওয়ার্ক সুবিধা থাকবে না।
মঙ্গল জয় যে অতটা সহজ নয় তা আর বলতে! তবে ওই যে বলেছিলাম সব একগুঁয়ের দল, সবগুলো নাছোড়বান্দা! শেষটা না দেখে যেন তরুণ এই বিজ্ঞানীদের চোখে ঘুম নেই। তাঁদের হাত ধরে জয়টা আমাদের দেশে আসবে কি না, তা সময়ই বলে দেবে। আপাতত নিজেদের সেরাটা দিতে প্রস্তুত এই তিন বিশ্ববিদ্যালয়ের তরুণেরা।