লাল-সবুজের পতাকা ওড়াবে যারা
দেশব্যাপী আয়োজিত ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো একাদশ বাংলাদেশ গণিত উত্সবের মধ্য দিয়ে ধাপে ধাপে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দীর্ঘ মনোনয়ন-প্রক্রিয়া শেষ করেছে। বাংলাদেশের পতাকা নিয়ে এবারের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে যাবে সারা দেশ থেকে বাছাই করা চার শিক্ষার্থী। তারা হলো ঢাকা কলেজের শিক্ষার্থী সৌরভ দাশ ও নূর মোহাম্মদ সফিউল্লাহ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজের মো. জাহিদুল হাসান এবং ময়মনসিংহ জিলা স্কুলের আদীব হাসান।দৃঢ়প্রতিজ্ঞ সৌরভঢাকা কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সৌরভ দাশ। বাবা গৌতম বুদ্ধ দাশ চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটির ফুড অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক এবং মা সুচেতা ভৌমিক গৃহিণী। এক ভাই এক বোনের মধ্যে সৌরভ বড়। সৌরভ বলল, ‘গতবার আইএমওতে ব্রোঞ্জপদক পেয়েছিলাম। এবার লক্ষ্য থাকবে নিজের সর্বোচ্চ নম্বরকে পাশ কাটিয়ে সামনে চলে যেতে। বেশ পরিশ্রমই করছি এবার। দেখা যাক কী ফল আনতে পারি।’ একাদশ গণিত অলিম্পিয়াডে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন হয় সৌরভ। এরই মধ্যে এশিয়া প্যাসেফিক গণিত অলিম্পিয়াডে রৌপ্যপদক লাভ করে বেশ আত্মবিশ্বাসী সে। এবার নিয়ে তৃতীয়বারের মতো আইএমওতে অংশ নিচ্ছে এই প্রতিযোগী। গণিতের বিশ্ব আসরে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চায় সৌরভ।অনুশীলন চলছে জাহিদুলেরময়মনসিংহের আনন্দমোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. জাহিদুল হাসান। বাবা মো. শামছ উদ্দীন শিক্ষকতা করেন ভালুকা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এবং মা জিনাত রেহেনা গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে জাহিদুল বড়। ‘একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে মনে মনে ঠিক করেছিলাম, গণিতের বিশ্ব আসর আইএমওতে যদি অংশ নিতে পারতাম! সেই লক্ষ্যে গণিতের বিভিন্ন সমস্যা নিয়ে প্রচুর অনুশীলন করেছি। ক্যাম্পে ডাক পাই এবং প্রশিক্ষকদের নির্দেশমতো হোমওয়ার্ক, পরীক্ষা, ক্লাসে অংশ নিই এবং নির্বাচিত হই আইএমওর চারজনের দলে। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার জন্য।’ বলল প্রথমবারের মতো আইএমওতে অংশ নিতে যাওয়া এই প্রতিযোগী। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণিত ও পদার্থবিজ্ঞানের ওপর পড়তে চায় জাহিদুল।আত্মবিশ্বাসী সফিউল্লাহঢাকা কলেজর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নূর মোহাম্মদ সফিউল্লাহ। সে একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়। বাবা মো. মতিউর রহমান মোল্লা বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা আর মা আরিফা পারভীন জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের কম্পিউটার প্রোগ্রামার। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। গত বছর ৫৩তম আইএমওতে ব্রোঞ্জপদক জয় করেছিল এই শিক্ষার্থী। এর আগে ২০১১ সালের আইএমও দলের সদস্য ছিল সে। নিজের অতীতের সাফল্যকে ডিঙিয়ে নতুন কোনো চমক সৃষ্টি করতে চায় সফিউল্লাহ। বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান ও গণিত নিয়ে পড়তে চায় সে।ভালো করতে চায় আদীব‘গতবার আইএমওতে অনারেবল মেনশন নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার সেই তকমাটা শরীর থেকে ঝেড়ে ফেলতে হবে ভালো। জাতীয় গণিত উত্সবে ভালো ফল করার পর থেকেই আইএমও দলে সুযোগ পাওয়ার জন্য বেশ খেটেছিলাম। তার ফল হিসেবে আবারও সুযোগ পাই আইএমওর চার সদস্যের দলে।’ বলে আদীব। একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে আঞ্চলিক ও জাতীয় পর্বে চ্যাম্পিয়ন হয় সে। আদিবের মা নেত্রকোনার প্রতাপপুর স্কুলের প্রধান শিক্ষিকা হুসনে আরা খানম এবং বাবা সোনালী ব্যাংকের কর্মকর্তা খুরশেদ উদ্দিন খান। বড় হয়ে কোয়ান্টাম মেকানিকস নিয়ে পড়তে চায় আদীব। প্রস্তুতি হিসেবে আইএমওর বিগত সালের প্রশ্ন অনুশীলন করছে সে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আদীব দ্বিতীয়। যেভাবে হলো নির্বাচনবাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ২০১২ সালের ২৮ ডিসেম্বর কুমিল্লা আঞ্চলিক গণিত উত্সবের মধ্য দিয়ে চলতি বছরের আয়োজন শুরু হয়। নবমবারের মতো আইএমওতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের সদস্য অন্বেষণ হয়এ আয়োজনে। এরপর দেশব্যাপী আয়োজিত ১৭টি আঞ্চলিক গণিত উত্সবে অংশ নেয় ২২ হাজার শিক্ষার্থী। সব আঞ্চলিক উত্সবের বিজয়ীদের নিয়ে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয় একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড থেকে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির সেরা ২৮ জন শিক্ষার্থী নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় নবম বাংলাদেশ গণিত ক্যাম্প এবং সর্বশেষ সেরা ১১ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ পরীক্ষা। সব মিলিয়ে বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদারের সুপারিশ অনুসারে ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের চারজন সদস্য নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।গণিত-বিশ্বের কাছে মেধা দিয়ে তাক লাগিয়ে দেবে এই শিক্ষার্থীরা, এমনটাই আশা সবার। প্রত্যাশার বেশ আগেই রৌপ্যপদক জয় করেছে বাংলাদেশ দল, এবার কি অধরা স্বর্ণপদক জিতে আনবে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে, শিক্ষার্থীরা এগিয়ে যাক তাদের মতো করেই। জয় হোক বাংলাদেশ গণিত দলের।জামিলুর রেজা চৌধুরীসভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিবাংলাদেশ গণিত দল নবমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে শুনে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক বছর ধরে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের গণিতে সাফল্য বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছরই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদক অর্জন করতে সক্ষম হচ্ছে। গত বছর আমরা প্রথমবারের মতো রৌপ্যপদক অর্জন করেছি। আমি আশা করি, এবারও দলের সব সদস্য আগের চেয়ে ভালো ফল করতে পারবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে। দলের সব সদস্যের প্রতি রইল আমার শুভকামনা।কে এস তাবরেজব্যবস্থাপনা পরিচালক, ডাচ্-বাংলা ব্যাংক লিমিডেট৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) সারা বিশ্বের সামনে মেধা ও যোগ্যতা প্রমাণ করতে লাল-সবুজের পতাকা নিয়ে যাচ্ছে আমাদের চারজন খুদে গণিতবিদ। গণিতের এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশের খুদে গণিতবিদেরা নবমবারের মতো প্রতিনিধিত্ব করছে জেনে খুব গর্ব বোধ করছি। বাংলাদেশের শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের মেধার স্বকীয়তা প্রদর্শন করে রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করেছে। বিগত বছরের মতো এবারও আইএমওতে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সব দেশের শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষক সবার কাছে গ্রহণযোগ্য এক আয়োজন। প্রতিবছরই এ আয়োজনের পরিসর যেমন বেড়ে চলেছে, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও সৃষ্টি হচ্ছে অংশগ্রহণের উত্সাহ। ডাচ্-বাংলা ব্যাংক ধারাবাহিকভাবে এ আয়োজনের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করে আসছে। দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে ডাচ্-বাংলা ব্যাংকের এই প্রচেষ্টা দেশবাসীর প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া এই চারজন খুদে গণিতবিদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে অনেক শুভকামনা ও অভিনন্দন রইল।মুহম্মদ জাফর ইকবালসহসভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিআমরা যখন শুরু করেছিলাম, তখন বুঝিনি, সবাই আন্তরিকভাবে গণিত অলিম্পিয়াডকে গ্রহণ করবে। শুরু থেকেই আমাদের গণিত উত্সব সবাইকে স্পর্শ করেছে। আমরা এটিকে কখনো প্রতিযোগিতা বলিনি, উত্সব বলেছি। কারণ, আমরা চেয়েছি আমাদের শিক্ষাব্যবস্থায় আনন্দ ফিরে আসুক। আনন্দের সঙ্গে হোক বিজ্ঞান আর গণিতের চর্চা। গণিত অলিম্পিয়াডের দেখানো পথ ধরে দেশে এখন নানা বিষয়ের অলিম্পিয়াড হচ্ছে, শিক্ষার্থীরা আন্তর্জাতিক অলিম্পিয়াডে যোগ দিচ্ছে, সাফল্য অর্জন করছে। এসবই আমাদের শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি। আমরা কেবল তাদের সহযোগিতা করছি। এই নিয়ে নবমবারের মতো আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। আমি আশা করি, তারা সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে। নিজেদের সর্বোচ্চ মেধা ও বিশ্বাসের স্বাক্ষর রাখবে। তাদের জন্য শুভকামনা। সেই সঙ্গে দেশের শিক্ষার্থীরা, যারা গণিত শেখে, স্বপ্ন দেখে, বিজ্ঞানকে ভালোবেসে, এই দেশকে এগিয়ে নিতে চায়, তাদের জন্যও অনেক ভালোবাসা।আব্দুল কাইয়ুমসহযোগী সম্পাদক, প্রথম আলোবাংলাদেশের গণিত দল এবারও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দেশের জন্য বিরল সম্মান নিয়ে আসবে, এ বিশ্বাস আমাদের আছে। গত বছর একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক অর্জনের পর এবার আমরা নিশ্চয়ই আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারব। আমাদের গণিত দল সারা দেশের অগণিত উদীয়মান তরুণ গণিতবিদের প্রেরণায় উজ্জীবিত। তারা প্রতিবছর দেশের প্রত্যন্ত অঞ্চলে গণিত উত্সব ও প্রতিযোগিতায় অংশ নিয়ে গণিতচর্চায় এক নতুন মাত্রা যোগ করছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এর প্রতিফলন ঘটাতে পারলে বিশ্বপরিসরে আমাদের গৌরব আরও বৃদ্ধি পাবে। সবার জন্য রইল শুভকামনা।মাহবুব মজুমদারকোচ, বাংলাদেশ গণিত দলবিগত কয়েক বছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা ভালো করবে, এ ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী। সত্যিকার অর্থেই আমাদের শিক্ষার্থীরা অনেক পরিশ্রমী ও মেধাবী। আশা করি, প্রত্যেকে তাদের সেরাটা দিয়ে বিশ্বের কাছে আমাদের দেশকে উঁচু করে তুলে ধরবে। আমাদের প্রত্যাশা, দেশের জন্য ভালো কিছু করবে তারা। এ বছরের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ফল যা-ই হোক, আমাদের শিক্ষার্থীদের জন্য দেশবাসীর সমর্থন ও দোয়া চাই।