লালমনিরহাট ও পঞ্চগড়ে হাইটেক পার্ক নিয়ে সেমিনার
দেশের বিভিন্ন জেলায় হাইটেক পার্ক স্থাপনের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে লালমনিরহাট ও পঞ্চগড়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক শিল্পের বিকাশ ও উন্নয়নে ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনসহ অনেকে। এতে মূল প্রবন্ধ পড়েন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ডিন আবুল কালাম মো. ফরিদুল ইসলাম। সেমিনারে লালমনিরহাটে এলাকার সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনার জন্য হাইটেক পার্ক শিল্পের বিকাশ ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। এর আগে গত শনিবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একই বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় জেলা প্রশাসন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ কবীর, কম্পিউটার কাউন্সিলরের সচিব মোহাম্মদ এনামুল কবির, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলমসহ অনেকে। সেমিনার মূল বিষয় পড়েন দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পলাশ উদ্দিন। এ ছাড়া পঞ্চগড়ে হাইটেক পার্ক স্থাপন বিষয়ে বক্তব্য দেন আই-বক্স বাংলাদেশের দিনাজপুরের প্রধান নির্বাহী জাহেদুল ইসলাম। সেমিনারে বলা হয়, বাংলাদেশ, ভারত নেপাল ও ভুটানের মধ্যে অবাধ তথ্য যোগাযোগ বাড়াতে আগামী ডিসেম্বরের মধ্যে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক প্রকল্পের আওতায় সুপার ইনফরমেশন হাইওয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে চালু হবে। এটাকে কেন্দ্র করে পঞ্চগড়ে গড়ে উঠতে পারে সফটওয়্যার টেকনোলজি পার্ক। এ জন্য পঞ্চগড়ে হাইটেক পার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। —লালমনিরহাট ও পঞ্চগড় প্রতিনিধি