লিখিত পরীক্ষার লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মার্চ থেকে। এবার ৪৬ হাজার ৫৩০ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন। একজন পরীক্ষার্থী নিজেকে কীভাবে প্রস্তুত করবেন, সে পরামর্শ দিয়েছেন ৩৩তম বিসিএস পরীক্ষার সম্মিলিত মেধাতালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী রিদওয়ান ইসলাম ও মোরশেদুর রহমান।

মডেল: অর্নি। ছবি: মাহবুবা ইয়াসমিন
মডেল: অর্নি। ছবি: মাহবুবা ইয়াসমিন

খবরে চোখ রাখুন নিয়মিত

রিদওয়ান ইসলাম
রিদওয়ান ইসলাম


রিদওয়ান ইসলাম

সম্মিলিত মেধাতালিকায় প্রথম, ৩৩তম বিসিএস
এ বিষয়ে কোনা দ্বিধা নেই যে, লিখিত পরীক্ষার তারিখ জানার পর সবাই আটঘাট বেঁধে প্রস্তুতি শুরু করেছেন। তবু কিছু দরকারি বিষয় শেয়ার করি এবারের পরীক্ষার্থীদের সঙ্গে। বিসিএস লিখিত পরীক্ষা হয় সাধারণত গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক বিষয়াবলি, বাংলাদেশ বিষয়াবলি, বাংলা ও ইংরেজি বিষয়ে। এ বিষয়গুলোর মধ্যে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়টি প্রতিদিন চর্চার। তাই প্রতিদিন গণিতচর্চা করুন, গণিতের প্রতি দক্ষতা ধরে রাখুন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটি নখদর্পণে রাখুন, সাহায্য নিতে পারেন বিজ্ঞান বিষয়ে অন্য কোনো বইয়েরও। আবার আন্তর্জাতিক বিষয়াবলির জন্য বিশ্বজুড়ে সমসাময়িক যেসব ঘটনা ঘটছে, সেসবের ব্যাপারে আপনার পরিষ্কার ধারণা রাখতে হবে। এ জন্য বেশি বেশি সংবাদপত্র পড়ুন, টেলিভিশন ও রেডিওর খবর শুনুন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক আইন ইত্যাদি বিষয়ে ধারণা নিন। আর বাংলাদেশ বিষয়াবলির জন্য দেশীয় অঙ্গনে ঘটে যাওয়া সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনা, এ দেশের ভূপ্রকৃতি, জলবায়ু, ইতিহাস, অর্থনীতি, সরকারব্যবস্থা, আর্থসামাজিক অবস্থা, শিক্ষানীতি ইত্যাদি বিষয়ে পরিপূর্ণ ধারণা নিন।
বাংলা বিষয়ে প্রস্তুতির জন্য সাহায্য নিতে পারেন বিগত সালের পরীক্ষায় আসা ব্যাকরণ, শুদ্ধীকরণ ইত্যাদির আনুষঙ্গিক নিয়ম, প্রবাদ-প্রবচন ও বাগ্ধারা, বিভিন্ন ধরনের পত্র লেখার নিয়ম ইত্যাদির। আর ইংরেজিতে ভালো করতে ইংরেজি ব্যাকরণের বেসিক নিয়ম, ভয়েস, ন্যারেশন ইত্যাদি নিয়মিত চর্চা করুন। ‘ফ্রি হ্যান্ড’ লেখার অভ্যাস গড়ে তুলুন, এ জন্য যেকোনো বিষয়ের ওপর ফ্রি হ্যান্ড লেখার চেষ্টা করুন।
সবশেষে বলব, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান কিংবা ইতিহাসে বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে নবম-দশম শ্রেণীর সংশ্লিষ্ট বিষয়ের বইগুলো নিয়মিত চর্চা করুন।

বাংলায় গুরুত্ব দিন

মোরশেদুর রহমান
মোরশেদুর রহমান

মোরশেদুর রহমান
সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয়, ৩৩তম বিসিএস
আমরা জানি, বিসিএসে তিনটি পরীক্ষার মধ্যে শুধু লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট সিলেবাস আছে। তাই লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাকে প্রথমেই শনাক্ত করতে হবে, কোন বিষয়ে আপনার ধারণা কম। এই সময়টুকুতে সেই বিষয়ে জোর দিতে হবে আজই। প্রস্তুতি নেওয়া যেতে পারেন বিগত বছরগুলোর প্রশ্নপত্র। আর একটি সুবিধার কথা বলি, প্রিলিমিনারি ভর্তির প্রস্তুতির জন্য আপনি যেহেতু বিভিন্ন বিষয়ে চর্চা করেছেন। এখন সেসবই ঝালিয়ে নিন বারবার।
বাংলা বিষয়ে একটু গুরুত্ব দিয়ে বলতে চাই, যেহেতু অন্য বিষয় থেকে এই সিলেবাস অধিকতর বড়। বাংলায় আপনি যদি অন্তত বিভিন্ন দরখাস্ত, মানপত্র বা চিঠি ইত্যাদি লেখার নিয়ম আয়ত্ত করতে পারেন, তাহলে যেকোনো ধরনের পত্র পরীক্ষায় আসুক না কেন, আপনি তার উত্তর লিখে আসতে পারবেন। আর ইংরেজি বিষয়ে অনুবাদের জন্য বিগত সালের পরীক্ষায় আসা অনুবাদগুলো নিজে নিজে চর্চা করুন, এতে পরীক্ষায় পড়ার বাইরে থেকে প্রশ্ন এলেও উত্তর দিতে পারবেন সহজেই।
মনে রাখবেন, লিখিত পরীক্ষায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যিনি যত সুস্পষ্ট উত্তর লিখতে পারবেন, তিনি তত বেশি নম্বর পাবেন। এ ক্ষেত্রে প্রশ্নের উত্তর বড় হতেই হবে, এমন কোনো ধারাবাঁধা নিয়ম নেই।
একটি কথা সব সময় মাথায় রাখুন, বিসিএস পরীক্ষার একটি ধাপ আপনি ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছেন। সামনে আর মাত্র দুটি ধাপ। মনোবল ধরে রেখে পড়াশোনা করুন নিয়মিত। আর অবসর সময়ে ভালো লাগার বিষয় নিয়ে মগ্ন থাকুন।

৩৪তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি
৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুই শিফটে সকাল ১০টা থেকে বেলা একটা এবং বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।