লিঙ্কডইন ও ই হারমোনি থেকে ৬৪ লাখ পাসওয়ার্ড চুরি
পেশাজীবীদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিঙ্কডইন ও অনলাইন ডেটিং সার্ভিস ই হারমোনি থেকে ৬৪ লাখ ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি হয়ে গেছে। তবে চুরি যাওয়া পাসওয়ার্ডের সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।বুধবার চুরির এই ঘটনার কথা জানিয়েছে লিঙ্কডইন কর্তৃপক্ষ। এক খবরে রয়টার্স জানিয়েছে, পাসওয়ার্ড চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে লিঙ্কডইন কর্তৃপক্ষ। দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।এদিকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, লিঙ্কডইনের চুরি যাওয়া পাসওয়ার্ডের তথ্য ‘রাশিয়ান হ্যাকার ফোরাম’ নামের একটি সাইটে পোস্ট করেছে হ্যাকাররা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই। ক্লুলেই জানিয়েছেন, ফোরামে প্রকাশিত প্রতিবেদনে মোট চুরি হওয়া পাসওয়ার্ডের কিছু অংশ প্রকাশিত হয়েছে।এ প্রসঙ্গে লিঙ্কডইন কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।লিঙ্কডইন ব্যবহারকারীদের পূর্ব সতর্কতা হিসেবে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের কথা জানিয়েছেন গ্রাহাম ক্লুলেই। দ্রুততার সঙ্গে জটিল পাসওয়ার্ড দিয়ে লিঙ্কডইনের পুরোনো পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন তিনি। লিঙ্কডইনে ব্যবহূত পাসওয়ার্ড যদি অন্য কোথাও বা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে—এমন কোনো ওয়েবসাইটে ব্যবহার করা হয়ে থাকে, সেগুলোও পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি।