লিনাক্স ফাউন্ডেশনে যোগ দিল টুইটার
মাইক্রোব্লগের বৃহত্ ওয়েবসাইট টুইটার ওপেন সোর্স অপারেটিং সিস্টেম তৈরির অলাভজনক সংগঠন লিনাক্স ফাউন্ডেশনে যুক্ত হচ্ছে। লিনাক্সের উন্নয়নে অংশীদার হওয়ার কথা জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এক খবরে এ তথ্য জানিয়েছে টেক ক্রাঞ্চ।প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, প্রতিনিয়ত বাড়ছে লিনাক্সভিত্তিক প্রতিষ্ঠান। ইন্টারনেটের লাখ লাখ ওয়েবসাইটের বেশির ভাগই লিনাক্সভিত্তিক সার্ভারে কাজ করে। পক্ষপাতহীন ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে লিনাক্স ফাউন্ডেশন সব প্রতিষ্ঠানকেই লিনাক্স উন্নয়নে কাজ করার সুযোগ দেয়। এইচপি, গুগল, আইবিএম, ইনটেল, ওরাকলসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান লিনাক্সের সদস্য হিসেবে অলাভজনক এই প্রতিষ্ঠানে অংশীদার হচ্ছে। এ তালিকায় সর্বশেষ নাম লেখাতে যাচ্ছে মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার।এদিকে টুইটারের ওপেন সোর্স বিভাগের ম্যানেজার ক্রিস জানিয়েছেন, ১০ হাজারেরও বেশি লিনাক্স সার্ভারের ওপর চলতে থাকা টুইটারও এবারে লিনাক্সের উন্নয়ন-সহযোগী হচ্ছে। লিনাক্স ফাউন্ডেশনে যুক্ত হওয়া ও একে সমর্থন দেওয়াটা টুইটারের জন্য গুরুত্বপূর্ণ। টুইটারের নিজের প্রযুক্তি উন্নয়নের সঙ্গে লিনাক্সের উন্নয়ন-সহযোগীদের অংশীদার হিসেবেই কাজ করবে প্রতিষ্ঠানটি।