লিনাক্স মিন্টের নতুন সংস্করণের প্রকাশনা উৎসব আজ
মুক্ত সফটওয়্যার লিনাক্স মিন্টের সাম্প্রতিকতম প্রকাশনা গত ৩০ জুন দিবাগত রাতে ছাড়া হয়েছে। এর সাংকেতিক নাম রাখা হয়েছে ‘সারাহ’। এবারের সংস্করণটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। একে আরও বেশি ব্যবহারকারীবান্ধব করা হয়েছে। এর সঙ্গে সংযুক্ত সফটওয়্যারগুলোর হালনাগাদ সংস্করণও রাখা হয়েছে এতে। এর ফাইল ম্যানেজার আরও বেশি দ্রুতগতির এবং আরও বেশি বৈশিষ্ট্যসম্পন্ন। ওয়ালপেপারগুলোও বেশ দৃষ্টিনন্দন। সব মিলিয়ে লিনাক্স মিন্টের এ সংস্করণটি নতুন কম্পিউটার ব্যবহাকারীদের জন্য পূর্ণাঙ্গ একটি প্যাকেজ।
বাংলাদেশের লিনাক্স মিন্ট পরিবার এবং এফওএসএস বাংলাদেশ লিনাক্স মিন্ট ১৮-সারাহর প্রকাশনা উদ্যাপন করবে আজ ১৪ জুলাই। ঢাকার অদূরে বিরুলিয়ার খাগানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে সকাল ১১টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
এই আয়োজনে থাকবে সারাহর নতুন বৈশিষ্ট্যগুলো নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আড্ডা ইত্যাদি। আগ্রহীদের ল্যাপটপ কম্পিউটারে সারাহ ইনস্টল করে দেওয়া হবে।
বিজ্ঞপ্তি