লিনাক্সের দুই দশক উদ্যাপন
২০ বছর পূর্তি করল মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে ফাউন্ডেশন ফর ওপেন সলিউশন বাংলাদেশ (এফওএসএস)। সকালে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এ আয়োজনে এফওএসএসের সভাপতি জে এম মেহেদি হাসান বলেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম সবার জন্য উন্মুক্ত নয়, কিন্তু লিনাক্স সবার জন্য উন্মুক্ত। এই মুক্ত অপারেটিং সিস্টেমে সবচেয়ে বড় সুবিধা হলো, এটি সম্পূর্ণ ভাইরাসমুক্ত। বর্ষপূর্তি অনুষ্ঠানে টিএসসিতে লিনাক্স নিয়ে এফওএসএস বাংলাদেশ ও দেশি-বিদেশি সংগঠনের ভিডিওচিত্র, ব্যানার, ফেস্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে লিনাক্সের কীভাবে যাত্রা শুরু হয়, কীভাবে কাজ করতে হয়, এর কী কী সুবিধা আছে ইত্যাদি বিষয়ও উঠে আসে। এফওএসএসের সাধারণ সম্পাদক সাজেদুর রহিম জোয়ারদার বলেন, ‘উন্মুক্ত সেবা, উন্নত সেবা, সবার জন্য স্লোগান নিয়ে আমরা বিভাগীয় শহর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লিনাক্সকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছি।’ বিকেলে আলোচনা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে উপস্থিত দর্শকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা ছিল। উল্লেখ্য, ১৯৯১ সালের ২৫ আগস্ট হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তির ছাত্র লিনাস টরভ্যাল্ডস উন্মুক্ত প্রোগ্রামিংসংকেতভিত্তিক কার্নেল ‘লিনাক্স’ ছাড়ার। —বায়েজিদ জুয়েল