লিবিয়ায় আবার ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস বন্ধ থাকার পর লিবিয়ায় ফের ইন্টারনেট সেবা চালু হয়েছে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরোধীরা রাজধানী ত্রিপোলির বেশির ভাগ এলাকা দখল করার পর গত সোমবার দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান তার ওয়েবসাইটে ইন্টারনেট চালুর এ ঘোষণা দেয়। তবে স্থানীয় লোকজন জানিয়েছে, ইন্টারনেট চালু হলেও এর গতি খুবই ধীর। কখনো পাওয়া যাচ্ছে, কখনো আবার যাচ্ছে না। কিন্তু তার পরও তারা খুব খুশি। দীর্ঘদিন পর ইন্টারনেটে প্রবেশ করতে পেরে অনেকেই যারপরনাই আনন্দিত। অনেকে ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। লিবিয়ার নেতা গাদ্দাফিবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর গত মার্চ মাসের গোড়ার দিকে সেখানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে আন্দোলন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দেয়। উল্লেখ্য, এ বছরই মিসর, সিরিয়া, তিউনিসিয়া ও ইয়েমেনে ইন্টারনেটের মাধ্যমে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। ব্যাপক গণ-আন্দোলনের মুখে তিউনিসিয়া ও মিসর এ দুই দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হন। ওয়েব পর্যবেক্ষণকারী কোম্পানিগুলো স্বীকার করেছে, লিবিয়ায় আসলে কী ঘটছে তা ইন্টারনেট ছাড়া জানা খুবই কঠিন হয়ে পড়ছিল। ইন্টারনেট চালু হওয়ার পর লিবিয়ার জনগণ বিশেষ করে তরুণ-তরুণীরা লিবিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে ফেসবুক ও টুইটারে অনবরত বার্তা পাঠাচ্ছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান