লিবিয়ায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
লিবিয়ার চার দিকে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ছে। সেই উত্তাপ আঁচ করা যাচ্ছে পৃথিবীর আনাচকানাচে বসেও। তবে সেই আগুনে পানি ঢালার ব্যবস্থা করেছে দেশটির সরকার এবং ইন্টারনেট সংযোগ ও নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো। সম্প্রতি তারা লিবিয়ায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।লিবিয়ার ইন্টারনেট সংযোগ দেখভাল ও নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো জানিয়েছে, লিবিয়ার ইন্টারনেটে কোনো রকমের জট তাদের কাম্য নয়। ইন্টারনেট ইন্টেলিজেন্স অথোরিটি রেনেসিসও গতকাল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, লিবিয়ার নেটওয়ার্কে গত ১২ ঘণ্টা ধরে শুধু বিপ আওয়াজ বাদে আর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। কোনো সাইটেই ঢুকতে পারছে না কেউ। ফলে গোটা দুনিয়ার সঙ্গেই লিবিয়ার ইন্টারনেট সংযোগ তো বিচ্ছিন্নই; লিবিয়ানরাও নিজেদের মধ্যে কোনো রকমের যোগাযোগ রাখতে পারছে না। এ মাসে বিদ্রোহের শুরুর দিকেও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছিল লিবিয়ার সরকার। তবে তা ছিল সাময়িক, তবে এবার একেবারেই বিচ্ছিন্ন। উদ্দেশ্যটাও পরিষ্কার—বিদ্রোহীদের তৎপরতায় বাধাদান। ইন্টারনেটের সার্চ ইঞ্জিন গুগল একটি লেখচিত্র (গ্রাফ) প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, এই সপ্তাহে লিবিয়া ছিল সারা দুনিয়ার মানুষের সবচেয়ে আগ্রহের বিষয়। বিশেষ করে, লিবিয়ায় বিদ্রোহের বিভিন্ন দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দিতে ইউটিউবের ব্যবহারও বেড়ে গিয়েছিল হু হু করে। তবে ৩ মার্চ বিকেল থেকে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হতে শুরু করলে গুগলের গ্রাফ নিচের দিকে নামতে শুরু করে। ট্রেন্ড মাইক্রোর সিনিয়র সিকিউরিটি অ্যাডভাইজর রিক ফার্গুসন বলেছেন, মিশরে যেভাবে ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, লিবিয়া সেই পথে হাঁটেনি। অন্য উপায়ে কাজটা করেছে তারা। —বিবিসি অবলম্বনে মাহফুজ রহমান