লুমিয়া ক্যামেরা প্রধানকে কাছে টানল অ্যাপল

মাইক্রোসফট নকিয়া কিনে নেওয়ার সব প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার করার পর থেকে নকিয়ার অনেক কর্মীই প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন। এদের মধ্যে থেকে বেছে বেছে ভালো কিছু কর্মীকে নিয়োগ দিতে তত্পর অন্যান্য মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। অ্যাপল কাছে টেনেছে নকিয়ার লুমিয়া ফটোগ্রাফি বিভাগের প্রধানকে। টুইটারে অ্যাপলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নকিয়ার লুমিয়া ফটোগ্রাফি বিভাগের প্রধান আরি পার্টিনেন স্বয়ং।
নকিয়ার স্মার্টফোনে উন্নত ছবি তোলার প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন আরি পার্টিনেন। লুমিয়া ১০২০ স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে তাঁর বিশেষ অবদান রয়েছে। সাম্প্রতিক এক টুইটে পার্টিনেন জানিয়েছেন, ‘আজ (৯মে) নকিয়ার লুমিয়া পরিবারে আমার শেষ কর্মদিবস। জুন মাসের এক তারিখ থেকে আমি ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি।’

পরের আরেকটি টুইটে অ্যাপলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নকিয়ার লুমিয়া ক্যামেরা বিভাগের এই প্রধান কর্মকর্তা।
নকিয়ার তৈরি ১০২০ স্মার্টফোনের ক্যামেরা সেরা ক্যামেরা ফোন হিসেবে দাবি করেন অনেকেই। ছবির মানের বিচারে আইফোনের ক্যামেরাকেও অন্যতম সেরা মনে করেন বিশেষজ্ঞরা। অবশ্য বিশেষ ক্যামেরা ফোন তৈরিতে অ্যাপলকে নকিয়ার মতো সেরকম কোনো বিশেষ পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে পার্টিনেনকে কর্মী হিসেবে পাওয়ার পর অ্যাপল হয়তো বিষয়টি নিয়ে কাজ করতে পারে।