লুমিয়ার ‘বাগ’ তাড়াল নকিয়া (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে মোবাইল ফোন নির্মাতা নকিয়া তাদের নতুন স্মার্টফোন লুমিয়া ৯০০ মডেলে ‘বাগ’ বা ত্রুটি ধরা পড়েছে বলে জানিয়েছিল। সম্প্রতি এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শনিবার, ১৪ এপ্রিল লুমিয়া ফোনের এ বাগ বা ত্রুটিটি সারিয়েছে নকিয়া। ব্যবহারকারীরা এখন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ ত্রুটি সারিয়ে নিতে পারবেন।নকিয়া তাদের লুমিয়া ৯০০ মডেলের মোবাইল ফোনটি বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখিয়েছিল। লুমিয়া প্রসঙ্গে নকিয়া পরবর্তীকালে জানিয়েছিল, লুমিয়া ৯০০ মডেলের সফটওয়্যারের ত্রুটির কারণে ফোনটি থেকে তথ্য পাচার হয়। এ বাগটি দূর করতে নকিয়া কর্তৃপক্ষ ১৬ এপ্রিলের মধ্যে সফটওয়্যার আপডেট করার কথা জানিয়েছিল। উল্লেখ্য, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমনির্ভর লুমিয়া স্মার্টফোনটি বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি প্রতিষ্ঠানটির সঙ্গে দুই বছরের চুক্তিতে এর দাম পড়বে ১০০ ডলার। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত ৪.৩ ইঞ্চি ডিসপ্লের এ উইন্ডোজ ফোনে রয়েছে কার্ল জেইস লেন্সের ৮ মেগাপিক্সেল ক্যামেরা, যা দিয়ে ৭২০ পিক্সেল মানের ভিডিও ধারণ করা যায়। এর সঙ্গে আরও রয়েছে একটি ১ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ১.৪ গিগাহার্টজ স্করপিয়ন প্রসেসরের এই ডিভাইসে রয়েছে ১৬ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ এবং ৫১২ মেগাবাইট র্যাম। থ্রিজি, এজ/জিপিআরএস, ওয়াই-ফাই, এলটিই, ব্লটুথ ৪.০ এবং এনএফসি সুবিধাও রয়েছে নকিয়া লুমিয়া ৯০০-তে।স্মার্টফোনের বাজারে নকিয়া লুমিয়া ৯০০ মডেলটি নকিয়াকে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলেই আশা করছে নকিয়া ও মাইক্রোসফট। তবে শুরুতেই বাগের শিকার হয়ে এক দফা হোঁচট খেল নকিয়া।