লেখা থেকে কথা বলার প্রযুক্তিতে বাংলা যোগ করেছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখা থেকে কথায় রূপান্তরের ‘টেক্সট টু স্পিচ’ প্রযুক্তিতে অনেকখানি এগিয়েছে শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। টেক্সট টু স্পিচ প্রযুক্তি এখন বাংলা সমর্থন করছে। গুগল অনুবাদে (translate.google.com) বাংলা শব্দ লিখে নিচে মাইক চিহ্নে ক্লিক করলেই সেটার উচ্চারণ শোনা যাবে। ১৯ ফেব্রুয়ারি এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গুগলের গবেষণা বিভাগ। বাংলা ভাষার জন্য টেক্সট টু স্পিচ নিয়ে প্রতিষ্ঠানটির তৃতীয় প্রতিবেদন এটি। তার আগের দুই প্রতিবেদনের প্রথমটিতে বলা হয়েছিল বাংলা ভাষার ধ্বনির তথ্য-উপাত্ত সংগ্রহের কথা। আর দ্বিতীয় প্রতিবেদনে ছিল এসব তথ্য-উপাত্ত থেকে উচ্চারণ তৈরি করার বিষয়টি। সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলা ভাষায় কথ্য রূপ নিয়ে পূর্ণাঙ্গ অভিধান তৈরির কাজ চলছে।
এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের প্রধান ভাষাগুলোর কথ্য রূপ চালু করতে কাজ করছে গুগল স্পোকেন ল্যাঙ্গুয়েজ টেকনোলজি। এরই অংশ হিসেবে একটি টেক্সট থেকে বাংলা ভাষার কথ্য রূপের জন্য কাজ করা হচ্ছে। গুগলের এই বিভাগটির পরবর্তী চ্যালেঞ্জ, লেখা থেকে কীভাবে বাংলা ভাষায় অনর্গল কথা বলা যাবে, তার কথ্য রূপ তৈরি করা। গুগল এ প্রকল্প সম্পন্ন করতে বাংলা অভিধানের ৬৫ হাজারেরও বেশি শব্দ দিতে চেষ্টা করবে।
এতে একটি চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে কীভাবে বাংলা লেখা কথায় পরিণত হবে। চার ধাপে কাজটি হবে। টেক্সট টু স্পিচ প্রকল্প শেষ হলে যারা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা শিখতে চায়, তারা এটির মাধ্যমে অনর্গল কথা বলতে পারবে বলে ধারণা করছে গুগল।
গুগল রিসার্চ ব্লগ অবলম্বনে