
অর্থ লেনদেনে আর প্রয়োজন পড়বে না কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অথবা মুঠোফোন। কেবল চেহারা শনাক্তকরণের মাধ্যমেই অর্থ লেনদেন-প্রক্রিয়া সম্পন্ন হবে। এ জন্য নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন ফিনল্যান্ডের গবেষকেরা। তাঁদের দাবি, এই পদ্ধতিতে অর্থ লেনদেনে কম সময় লাগবে। ফিনিশ প্রতিষ্ঠান ইউনিকলের তৈরি অভিনব পদ্ধতিটি শিগগিরই চালু হবে দেশটির রাজধানী হেলসিংকিতে। প্রযুক্তিটির কার্যপদ্ধতি সম্পর্কে গবেষকেরা বলেন, কোনো গ্রাহক বাজারে গিয়ে কোনো পণ্যের মূল্য পরিশোধের জন্য কেবল ইউনিকলের নির্দিষ্ট ট্যাবলেট কম্পিউটারের ‘ওকে’ চিহ্নে চাপ দেবেন। এতে ওই গ্রাহকের বায়োমেট্রিক (অনন্য জৈব-বৈশিষ্ট্য) তথ্য শনাক্ত করা হবে এবং স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়াটির নিরাপত্তাব্যবস্থা খুবই শক্তিশালী। কেউ এ সুবিধা নিতে চাইলে তাঁকে নির্দিষ্ট মাসিক খরচ (ফি) দিতে হবে। আইএএনএস