লেনদেনের নিরাপত্তা নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে নিরাপদ লেনদেনব্যবস্থা নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) কাল সোমবার ‘সিকিউর ইউর পেমেন্ট ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সিটিও ফোরাম বাংলাদেশ, বিআইবিএম এবং ভিসা এই সেমিনারের আয়োজক। গতকাল শনিবার সিটিও ফোরাম বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার বলেন, ‘আমাদের দেশে দিন দিন ব্যাংকিং কার্ডের প্রচলন বাড়ছে। কিন্তু এর নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক নয়। কীভাবে গ্রাহকের টাকা ও তথ্য সুরক্ষিত রাখা যায় এ সম্পর্কে আলোচনা করা হবে এই সেমিনারে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন সিটিও ফোরাম বাংলাদেশের কোষাধ্যক্ষ মো. মইনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভিসার ইন্ডিয়া ও দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান ঝুঁকি কর্মকর্তা শিবকুমার শ্রীরামান। তপন কান্তি সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক দেবদুলাল রায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তথ্যপ্রযুক্তি-প্রধান মো. মনিতুর রহমান, সিটিও ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক ইজাজুল হক এবং ডেটা এজ লিমিটেডের চেয়ারম্যান নুর এ আলম।