লেনোভোর অ্যান্ড্রয়েডনির্ভর ল্যাপ-ট্যাব হাইব্রিড

চীনের কম্পিউটার নির্মাতা লেনোভো এবারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের হাইব্রিড একটি পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে।
‘এ১০’ নামের এ পণ্যটি ডুয়াল মোডে রূপান্তরযোগ্য ল্যাপটপ, এতে রয়েছে এইচডি টাচস্ক্রিন সুবিধার ১০.১ ইঞ্চি মাপের পর্দা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য জানিয়েছে।
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর এ ল্যাপটপটির কিবোর্ডকে ভাঁজ করে স্ট্যান্ড বানিয়ে ল্যাপটপটির ডিসপ্লে অংশটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যায়।
১.৬ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর ও নয় ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধার এ হাইব্রিড পণ্যটিতে রয়েছে ৩২ গিগাবাইট বিল্ট ইন স্টোরেজ ও মাইক্রোএসডি কার্ড সমর্থনের সুবিধা।
ইউএসবি, ব্লুটুথ, এইচডিএমআই পোর্টসহ সুবিধাসহ এতে থাকছে ০.৩ মেগাপিক্সেলের ওয়েবক্যাম ও স্টেরিও স্পিকার।
এশিয়া, ইউরোপ, আফ্রিকার বাজারে শিগগিরই এ হাইব্রিড পণ্যটি বাজারে আনবে লেনোভো। এর দাম সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটি।